হাম, মৃত্যু, হাসপাতাল, শিশু
হামে আক্রান্ত শিশু। ইউএনবি

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯০ শিশু।

Advertisement

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে দুই শিশু এবং হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট এক হাজার ৩৬ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০৪ শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট এক হাজার ১৪০ শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১১০ শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ২৮০। এই সময়ে এক হাজার ১৬০ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ১৮৩ শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ২৯৩ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ২০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ৭৭ হাজার ৬৭৬ রোগী, যাদের মধ্যে এক লাখ ৭০ হাজার ৪৭৩ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি