
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী তিন মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান (‘ক্লিনিং ডে’) পরিচালিত হয়েছে।
আজ শনিবার ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের প্রত্যক্ষ নেতৃত্বে অঞ্চলভিত্তিক এই অভিযান পরিচালিত হয়।
আজ সকালে রাজধানীর মতিঝিলস্থ এজিবি কলোনি এলাকায় ‘ক্লিনিং ডে’ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: আবদুস সালাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘সিটি করপোরেশন সপ্তাহে সাত দিনই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে, আর নাগরিক সমাজ ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান প্রতি শনিবার ডেঙ্গু প্রতিরোধে ভূমিকা রাখবে।’
তিনি বলেন, ‘সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা গেলেই ডেঙ্গু সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব।’
এ সময় সরকারি আবাসিক এলাকায় নিরবচ্ছিন্ন পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে তিনি গণপূর্ত অধিদফতরের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসতে সরকারি ও বিরোধী দলসহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান।
ডেঙ্গুর প্রাদুর্ভাব কমাতে প্রতি শনিবার ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডে একইভাবে বিশেষ ‘ক্লিনিং ডে’ পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির মূল লক্ষ্য হলো এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা, মশক নিধন জোরদার করা এবং নগরবাসীর মধ্যে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা।
আজকের কর্মসূচিতে ডিএসসিসির ১০টি অঞ্চলের ৭৫টি ওয়ার্ডের বাসাবাড়ি, সড়ক, অলিগলি, ড্রেন, নির্মাণাধীন ভবন, পার্কিং এলাকা ও পরিত্যক্ত স্থাপনায় নিবিড় তদারকি চালানো হয়। তদারকিকালে জমে থাকা পানি অপসারণ ও এডিসের লার্ভা পাওয়া গেলে তা তৎক্ষণাৎ ধ্বংস করা হয়। একই সাথে পানি জমার উপযোগী ডাব-নারকেলের খোসা, প্লাস্টিকের বোতল, পরিত্যক্ত টায়ার ও ফুলের টব অপসারণ করা হয়। অভিযানকালে এলাকাগুলোতে কার্যকর লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং প্রয়োগের পাশাপাশি জমানো ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
নাগরিকদের সম্পৃক্ত করতে আজ ৭৫টি ওয়ার্ডেই একযোগে সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়। ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী, মশক নিধনকর্মী ও স্থানীয় নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এসব র্যালি থেকে বাসাবাড়ি ও চারপাশ পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ডেঙ্গুর ঝুঁকি থেকে নগরবাসী মুক্ত রাখতে ডিএসসিসি কর্তৃপক্ষ সকল নাগরিককে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য জোর আহ্বান জানিয়েছে।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








