হাম, শিশু
হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মায়ের কোলে একটি শিশু ইউএনবি ফাইল ছবি

দেশে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪৯টি শিশু।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯৬৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ১০১টি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৬৫টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৯২টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ২৫৭। এই সময়ে ১ হাজার ১৭৬টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ৬২টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৯২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৭৩৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৬০ হাজার ৯৮০ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৫৪ হাজার ৫১০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি