স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে
স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্পেনে বর্ণবাদের সমস্যা নেই বলে জোর দিয়ে জানিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। যদিও চলতি বছরের শুরুতে মুসলিমবিদ্বেষী স্লোগানের ঘটনায় শাস্তি হিসেবে আসন্ন একটি ম্যাচে স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা কম রাখতে হবে স্পেনকে।

Advertisement

রোববার মাদ্রিদে ম্যাচের আগে সাংবাদিকদের সাথে কথা বলেন দে লা ফুয়েন্তে। এর এক দিন আগে ইংল্যান্ডের কোচ থমাস টাচেল জানিয়েছিলেন, ম্যাচের আগে বর্ণবাদবিরোধী প্রটোকল নিয়ে খেলোয়াড়দের সাথে কথা বলবেন তিনি। জবাবে দে লা ফুয়েন্তে বলেন, স্পেনে ‘বর্ণবাদ নেই’।

২০০৪ সালে স্পেনের রাজধানীতে একটি ম্যাচে ইংল্যান্ডের খেলোয়াড়েরা বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন। এদিকে, গত মার্চে মিসরের বিপক্ষে ম্যাচে সমর্থকদের মুসলিমবিদ্বেষী বৈষম্যমূলক স্লোগানের কারণে নিজেদের পরবর্তী হোম প্রীতি ম্যাচে কম দর্শক নিয়ে খেলতে হবে স্পেনকে।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের ফুটবলে বর্ণবাদী আচরণের আরো বেশ কিছু ঘটনা ঘটেছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনাগুলো ছিল রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে লক্ষ্য করে করা বর্ণবাদী মন্তব্য ও আচরণ।

টাচেল বলেন, ‘আমার মনে হয়, রেফারি ও কর্মকর্তারা এ বিষয়ে (বর্ণবাদী স্লোগান) জানেন। এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় একটি প্রটোকল রয়েছে এবং খেলোয়াড়দের সেটি সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ।’

পরে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে টাচেল জানান, তিনি বিশেষভাবে স্পেনের কথা বলেননি। কোনো কারণ ছাড়াই ‘অনেক বিভ্রান্তি’ তৈরি করার জন্য সাংবাদিকদের সমালোচনাও করেন তিনি।

টাচেল বলেন, ‘আমি কখনো স্পেনে বর্ণবাদ নিয়ে কথা বলিনি। কী ঘটে, সে বিষয়ে একটি প্রশ্নের ভদ্রভাবে উত্তর দিয়েছিলাম।’

এদিকে, বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে স্পেনের জয়ের ম্যাচে হাঁটুর সমস্যার কারণে খেলতে না পারা তারকা ফরোয়ার্ড লামিন ইয়ামাল ইংল্যান্ডের বিপক্ষে একাদশে থাকবেন কি না, তা নিশ্চিত করতে পারেননি দে লা ফুয়েন্তে।

স্পেনের কোচ বলেন, ‘সে একাদশে থাকবে কি না, তা আমরা দেখব। তবে খেললে পুরোপুরি ফিট বলেই খেলবে। পুরো ৯০ মিনিট খেলতে পারবে কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। তবে সে ভালো অবস্থায় আছে।’