তানজিদ হাসান তামিম
নিজের ইনিংসকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেননি তানজিদ হাসান তামিম। ফাইল ছবি

জোহানেসবার্গে বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে আবারো বড় ধাক্কা দিলেন কাগিসো রাবাদা। এবার পরপর দুই বলে তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিমকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।

Advertisement

ইনিংসের ৩৫তম ওভারের প্রথম বলে তামিমকে বোল্ড করেন রাবাদা। অফ স্টাম্পের বাইরে গুড লেংথের কিছুটা খাটো বল রক্ষণাত্মকভাবে খেলতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় লাগিয়ে স্টাম্পে টেনে আনেন বাংলাদেশের ওপেনার। ১০৮ বলে ১২টি চারে ৬৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ফেরেন তিনি।

তামিমের বিদায়ে ভাঙে তাওহীদ হৃদয়ের সাথে চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি এটি।

পরের বলেই শূন্য রানে ফেরেন মুশফিকুর রহিম। রাবাদার বলে সাইমন হার্মারের হাতে ক্যাচ দেন অভিজ্ঞ এই ব্যাটার। টানা দুই বলে দুই উইকেট নিয়ে হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে রাবাদা।

মাত্র দুই বলের ব্যবধানে ১২১ রানে ৩ উইকেট থেকে ৫ উইকেটে পরিণত হয়েছে বাংলাদেশের ইনিংস। ৩৪ ওভার ২ বল শেষে সংগ্রহ ৫ উইকেটে ১২১ রান। ৩৩ রানে অপরাজিত আছেন হৃদয়।