হামজা
২৩ বছর পর সাফ জয়ের স্বপ্ন দেখছেন হামজা। নয়া দিগন্ত

২৩ বছর ধরে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা অধরা বাংলাদেশের। এবার সেই অপেক্ষার অবসান ঘটাতে চায় দল। ঘরের মাঠে সমর্থকদের প্রত্যাশা, শিরোপার চাপ—সবকিছুই উপভোগ করছেন হামজা চৌধুরী। দলের সামর্থ্য নিয়ে তার আত্মবিশ্বাসও স্পষ্ট।

Advertisement

শুধু নিজেদের তৈরি করা গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলেই শিরোপা জেতা সম্ভব বলে বিশ্বাস বাংলাদেশের এই মিডফিল্ডারের। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে মঙ্গলবার (১০ নভেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন হামজা।

আরো পড়ুন: ৩৪ বছর পর টেস্টে পাকিস্তানের তিন তরুণের বিরল কীর্তি

ভুটানের বিপক্ষে জয় দিয়ে সাফ অভিযান শুরু করেছে বাংলাদেশ। তবে সেই ম্যাচে গোলের বেশ কিছু সুযোগ নষ্ট হয়েছে। আক্রমণভাগের এই দুর্বলতা নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন হামজা। তার মতে, সুযোগ তৈরি করতে পারাটাই ইতিবাচক দিক। এখন প্রয়োজন সেগুলো কাজে লাগানো।

হামজা বলেন, ‘যদি আমরা গোলের সুযোগই তৈরি করতে না পারতাম, তাহলে চিন্তার কারণ থাকত। কিন্তু আমরা সুযোগ তৈরি করছি। মালয়েশিয়ার বিপক্ষেও আমি নিজে সুযোগ নষ্ট করেছি। শেষ মুহূর্তে আমার গোল করা উচিত ছিল। তবে আমি আশাবাদী, এবার সুযোগগুলো কাজে লাগাতে শুরু করব।’

দলের আক্রমণভাগ নিয়েও আত্মবিশ্বাসী এই মিডফিল্ডার। ফারহান আলী ওয়াহিদের অন্তর্ভুক্তি এবং মোরসালিনদের উপস্থিতি সামনে বাংলাদেশের আক্রমণকে আরও ধারালো করবে বলে আশা তার। হামজার বিশ্বাস, অনুশীলন ও ম্যাচ খেলার সুযোগ বাড়লে স্ট্রাইকারদের আত্মবিশ্বাসও বাড়বে।

আরো পড়ুন: ২৩ বছর পর সাফ জয়ের স্বপ্ন দেখছেন হামজা

সাফে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অতীত রেকর্ডও স্বস্তি দিচ্ছে। দুই দলের আগের তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে একটিতে। তবে হামজার চোখে শ্রীলঙ্কা এখন আগের চেয়ে অনেক উন্নত দল। গত ১২ মাসে তাদের অগ্রগতির কথাও উল্লেখ করেছেন তিনি।

ভুটানের বিপক্ষে কঠিন ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশের আত্মবিশ্বাস বেড়েছে বলেও মনে করেন হামজা।

২৩ বছর আগে, ২০০৩ সালে সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে চান হামজা। দেশের মানুষের প্রত্যাশার কথা বুঝতে পারছেন জানিয়ে তিনি বলেন—

‘এই দল নিয়ে আমার অনেক আত্মবিশ্বাস আছে। সিঙ্গাপুর ও হংকংয়ের বিপক্ষে আমরা খেলেছি। ভারতকেও হারিয়েছি। আমরা প্রমাণ করেছি, ভালো দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য আমাদের আছে।’

বাংলাদেশের হয়ে খেলতে পারাকে নিজের জন্য গর্বের বিষয় মনে করেন হামজা। দেশের মানুষের ভালোবাসা ও সমর্থনের প্রতিদান মাঠের পারফরম্যান্স দিয়ে দিতে চান তিনি।

তার কথায়, ‘বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত। মানুষ আমাকে যেভাবে সমর্থন ও ভালোবাসা দেখায়, তা অসাধারণ। ইনশাআল্লাহ, মাঠের পারফরম্যান্স দিয়ে তাদের এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।’

দলের প্রয়োজনে কখনো আক্রমণে, কখনো রক্ষণে—মাঠের বিভিন্ন জায়গায় দেখা যায় হামজাকে। এতে মাঝমাঠে জায়গা ফাঁকা হয়ে যাওয়ার প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে কোচের সাথে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

হামজার স্বীকারোক্তি, কখনো কখনো দলকে সাহায্য করতে গিয়ে একটু বেশিই করার চেষ্টা করেন। তবে সতীর্থদের সাথে সমন্বয় বাড়িয়ে আক্রমণ ও রক্ষণ—দুই ক্ষেত্রেই ভারসাম্য রাখার চেষ্টা চলছে।

স্থায়ী অধিনায়কত্বের দায়িত্ব পেলে গ্রহণ করবেন কি না, এমন প্রশ্নে হামজার উত্তরও ইতিবাচক। কোচ চাইলে দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। তবে দলে তার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, তাদের অভিজ্ঞতাকেও গুরুত্ব দেন এই মিডফিল্ডার।

হামজা বলেন, ‘কোচ যদি আমাকে অধিনায়ক করতে চান, তাহলে আমি অধিনায়ক হব। তবে দলে আমার চেয়ে বেশি অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, যারা দেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন। আমাদের মাঝে পরিবারের মতো একটা সম্পর্ক রয়েছে, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

সাফের শিরোপা জয়ের স্বপ্নের পাশাপাশি এবারের আসরে নিজেদের ফেভারিট হিসেবেও দেখছেন হামজা। তার সংক্ষিপ্ত উত্তর, ‘আমার মনে হয়, আমরাই ফেভারিট। অন্তত আমি সেটাই বিশ্বাস করতে চাই। এখন আমাদের পরবর্তী ধাপ হলো ম্যাচ ও টুর্নামেন্ট জেতা। ইনশাআল্লাহ, আমরা সেটি করতে পারব।’