হামজা চৌধুরী, বাংলাদেশ জাতীয় ফুটবল দল, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, সাফ চ্যাম্পিয়নশিপ, হামজার বাংলাদেশে ফেরা, বাংলাদেশের ফুটবল, টমাস ডুলি, এবিজি স্পোর্টস কমপ্লেক্স
সতীর্থদের সাথে অনুশীলনে হামজা চৌধুরী। সংগৃহীত

ভুটানকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। তবুও যেন দল পরিপূর্ণ হচ্ছিলো না, অপেক্ষা ছিল হামজা চৌধুরীর। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সোমবার সকালে ঢাকায় পৌঁছান এই মিডফিল্ডার।

Advertisement

বিমানবন্দর থেকে দলের সাথে যোগ দিয়ে খুব বেশি সময় নেননি। সতীর্থদের সাথে নাস্তা, কিছুক্ষণ বিশ্রাম, এরপরই মাঠে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে প্রথমবারের মতো সতীর্থদের সাথে অনুশীলন করেছেন হামজা।

হামজাকে ঘিরে দলের ভেতরেও তৈরি হয়েছে বাড়তি উদ্দীপনা। তার উপস্থিতি খেলোয়াড়দের আরো উজ্জীবিত করেছে বলে মনে করেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। তার মতে, হামজার যোগ দেয়া দলের জন্য বড় প্রাপ্তি।

তিনি বলেন, ‘হামজা আমাদের জন্য অনেক দরকারি একজন খেলোয়াড়। সে আসাতে দলের প্রতিটা খেলোয়াড় আরো উজ্জীবিত হয়েছে। সে হোটেলে ঢুকেই ডাইনিংয়ে চলে গিয়েছিল সবার সাথে দেখা করেছে ও একসাথে নাস্তা করেছে। তার যোগটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি আরো বলেন, ‘খেলোয়াড়রাও চাচ্ছিল যে হামজা চলে আসুক। আপনারা জানেন সে নিজ দায়িত্ব নিয়ে খেলে ও যতটুকু সম্ভব, নিজেকে উজাড় করে দেয়। অনুশীলনে তার উপস্থিতিই বলে দিচ্ছে যে উনি কী চাচ্ছেন এবং উনি কী দিতে চাচ্ছেন দেশবাসীকে।’

এরপর সোমবার দুপুরের পর এবিজি স্পোর্টস কমপ্লেক্সে অনুশীলনে যোগ দেন হামজা। গা গরমের পর সতীর্থদের সাথে জুটিতে অনুশীলন করেন তিনি। সেখানে তার সাথে ছিলেন মোহাম্মদ ইব্রাহিম।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেছিলেন এই ফরোয়ার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুইজনের বোঝাপড়া কেমন হয়, সেটিও দেখার বিষয়।

এদিকে হামজার যোগ দেয়ায় এখন শ্রীলঙ্কা ম্যাচের আগে পূর্ণ হয়েছে দল। বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সর্ব শক্তি নিয়েই শ্রীলঙ্কার মুখোমুখি হবে টমাস ডুলির দল।

যদিও সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় ম্যাচটি নিয়ে কিছুটা নির্ভার থাকার সুযোগ আছে বাংলাদেশের। তবে বাংলাদেশের জার্সিতে প্রথম সাফ খেলতে নামার অপেক্ষায় থাকা হামজার কাছে ম্যাচটির গুরুত্ব আলাদা।