সৌরবিদ্যুৎ কেন্দ্র
সৌরবিদ্যুৎ কেন্দ্র। সংগৃহীত

বাংলাদেশের সর্ববৃহৎ ২২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র ফেনীর সোনাগাজীতে নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

Advertisement

নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি ও জ্বালানি নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এ সংক্রান্ত একটি প্রকল্প নিয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

প্রকল্পটি বাস্তবায়ন করবে ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ (ইজিবি) পিএলসি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান এসব তথ্য জানান।

ব্রিফিংয়ে তিনি বিদ্যুৎ প্রকল্প ছাড়াও পোশাক শ্রমিকদের জন্য বিশেষ ওএমএস, আমন ধান-চাল সংগ্রহ, প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও কপ৩১ সম্মেলন এবং বিবিএসের মূল্যস্ফীতি ও মজুরিহার সূচক প্রকাশসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সাম্প্রতিক অগ্রগতির চিত্র তুলে ধরেন।

তথ্য উপদেষ্টা জানান, গতকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এ প্রকল্প সংক্রান্ত স্টার্টআপ কর্মশালার উদ্বোধন করেন।

বাংলাদেশ সরকার, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) ও ইজিবি পিএলসি’র নিজস্ব অর্থায়নে ১ হাজার ৮৮৮ দশমিক ১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ইতোমধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও আইএসডিবি’র মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আগামী ২০২৮ সালের ৩০ জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘২০৩০ সালের মধ্যে সৌরশক্তি থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ২০২৮ সালের জুন থেকে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ দশমিক ১৮ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি, কার্বন নিঃসরণ হ্রাস, জাতীয় এনডিসি লক্ষ্যমাত্রা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ৭ দশমিক ২ অর্জনে সহায়ক হবে।’

প্রকল্পের আওতায় প্রায় ৪ লাখ ৬৯ হাজার ৫৬০টি সোলার পিভি মডিউল, ২৬টি ইনভার্টার এবং ৩৩/২৩০ কেভি পাওয়ার ট্রান্সফরমারসহ দুটি সাবস্টেশন স্থাপন করা হবে। এছাড়া এগ্রোভোল্টাইক ধারণা প্রয়োগের মাধ্যমে একই জমিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি কৃষি ও পশুপালনের পরিকল্পনা রয়েছে।

সিএসআর কর্মসূচির আওতায় স্থানীয় প্রায় ১ হাজার বেকার যুবক ও নারীর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং নিকটবর্তী শিক্ষাপ্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপন করা হবে।

খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে ডা: জাহেদ উর রহমান জানান, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে।

এর আওতায় একজন পোশাক শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকা দরে ক্রয় করতে পারবেন। ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের ৬৬টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার মোট ৩৩০ টন চাল বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী দিনেই বরাদ্দকৃত ৩৩০ টন চালের শতভাগ বিক্রি হয়েছে।

এছাড়া চলতি ২০২৬-২৭ অর্থবছরে অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযানের আওতায় ৩ লাখ টন ধান (প্রতি কেজি ৩৫ টাকা), ৫ লাখ টন সিদ্ধ চাল (প্রতি কেজি ৪৯ টাকা) এবং ৫০ হাজার টন আতপ চাল (প্রতি কেজি ৪৮ টাকা) সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গত ১৪ নভেম্বর খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি মানিকগঞ্জের সাটুরিয়ায় এ কার্যক্রমের উদ্বোধন করেন। 

পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় দেশের ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা মূল্যে মাসিক ৩০ কেজি করে চাল এবং ৩০০টি উপজেলায় পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর ও কপ৩১ সম্মেলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা জানান, জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক কপ৩১ সম্মেলনে অংশগ্রহণ উপলক্ষে তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে গত শুক্রবার দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১০ থেকে ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অবস্থানকালে প্রধানমন্ত্রী কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।

সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসি মহাসচিব ও লন্ডনের মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।

পাশাপাশি প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা: জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনাবিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নিয়ে বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের সরকারি উদ্যোগ তুলে ধরেন।

লিখিত বক্তব্যে জানানো হয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গত ৭ নভেম্বর অক্টোবর মাসের ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ও মূল্যস্ফীতির হার এবং মজুরিহার সূচক (ডব্লিউআরআই) প্রকাশ করেছে।

২০২১-২২ ভিত্তি বছরে ৩৮৩টি পণ্য ও সেবার ৭৪৯টি ভ্যারাইটির ওপর ভিত্তি করে সিপিআই এবং কৃষি, শিল্প ও সেবা খাতের ৬৩টি পেশার মাসিক মজুরির ওপর ভিত্তি করে ডব্লিউআরআই হিসাব করা হয়েছে।

ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো: আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস