
শুল্কমুক্ত সুবিধায় বন্ডের আওতায় বিদেশ থেকে দামি তামার স্ক্র্যাপ আমদানি করে তা দিয়ে পণ্য উৎপাদনের পর বিদেশে রফতানির শর্ত ছিল। কিন্তু সেই শর্তের আড়ালে বিদেশে রফতানির জন্য পাঠানো হচ্ছিল স্থানীয়ভাবে সংগৃহীত জাহাজের পুরোনো ১০টি প্রপেলার (পাখা)।
এর মাধ্যমে অভিনব জালিয়াতির আশ্রয় নিয়ে সরকারের এক কোটি ৭১ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করেছে একটি রফতানিকারক প্রতিষ্ঠান। তবে শুল্ক কর্মকর্তাদের তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি।
শনিবার (১৪ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্ড সুবিধায় আমদানি করা কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করে তা বিদেশে রফতানি করার শর্ত রয়েছে। কিন্তু জাপানে পাঠানোর জন্য প্রস্তুত করা একটি রফতানি চালানের কনটেইনার খুলে কাস্টমস কর্মকর্তারা ঘোষণার সাথে পণ্যের কোনো মিল পাননি।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামস্থ আইডিসি কাস্টমসের কমিশনারের নির্দেশনায় প্রিভেন্টিভ টিম বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে চট্টগ্রামের গোল্ডেন কনটেইনার লিমিটেড নামের অফডকে একটি রফতানি চালানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে রফতানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অবস্থিত নিয়ালকো অ্যালয়েজ লিমিটেডের সিঅ্যান্ডএফ প্রতিনিধি ও অফডক কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করা হয়।
পরীক্ষায় চালানটিতে ঘোষিত ‘সর্টেড কপার (১০ ভিআর-বাল্ক, সলিড)’ পণ্যের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ও ঘোষণা-বহির্ভূত জাহাজের কাটা প্রপেলার স্ক্র্যাপ পাওয়া যায়। মোট ১০টি প্রপেলার পাওয়া যায় বলে কাস্টমস সূত্র জানিয়েছে। চালানটির ঘোষিত মূল্য ছিল তিন লাখ ২৬ হাজার ৫৬০ মার্কিন ডলার এবং এর গন্তব্য ছিল জাপান।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, রফতানিকারক প্রতিষ্ঠানটি বন্ড সুবিধার আওতায় গত ২৯ সেপ্টেম্বর এসব কাঁচামাল আমদানি করে। পরে গত ১৭ অক্টোবর সেগুলো ব্যবহারের অনুমতিও (ইউপি) নেয়। কপার স্ক্র্যাপ ও কপার অ্যালয় স্ক্র্যাপ আমদানি করে তা দিয়ে উৎপাদিত ফিনিশড পণ্য ‘সর্টেড কপার’ (এইচএস কোড: ৭৪০৩১৯০০) রফতানির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। কিন্তু কায়িক পরীক্ষায় ঘোষিত পণ্যের পরিবর্তে স্থানীয়ভাবে সংগৃহীত ১০টি জাহাজের কাটা প্রপেলার স্ক্র্যাপ রফতানির অপচেষ্টা ধরা পড়ে।
কাস্টমস কর্মকর্তারা জানান, দেশীয় পণ্য বিদেশে পাঠিয়ে কাগজে-কলমে আমদানি করা কাঁচামালের হিসাব সমন্বয় করাই ছিল এই জালিয়াতির মূল উদ্দেশ্য। এতে একদিকে রফতানিকারক হিসেবে প্রতিষ্ঠানের নাম নথিভুক্ত হতো এবং বিভিন্ন সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হতো। অন্যদিকে, পরিকল্পনাটি সফল হলে বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা দামি তামার স্ক্র্যাপ চড়া দামে দেশের খোলাবাজারে বিক্রির সুযোগ তৈরি হতো।
বন্ড সুবিধার অপব্যবহার ও রাজস্ব ফাঁকির এ ঘটনায় কঠোর অবস্থানে রয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। সংস্থাটি জানিয়েছে, এরই মধ্যে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ শুরু হয়েছে। জড়িতদের বিরুদ্ধে শিগগিরই রাজস্ব ফাঁকির মামলা করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








