
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পরিকল্পিত ৬০০ কোটি ইউরোর বিশাল বিনোদন পার্ক প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন পরিবেশবাদী ও স্থানীয় বাসিন্দারা। গত রোববার ফ্রান্সের ভাল-দ্য-ওয়াজ বিভাগের সের্জি এলাকায় কয়েক ডজন বিক্ষোভকারী সমবেত হয়ে এ প্রকল্পের বিরোধিতা করেন।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, প্যারিসের উত্তর-পশ্চিমে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সের্জি-পন্তোয়াজ এলাকায় তিনটি থিম পার্ক নির্মাণ করা হবে। এর মধ্যে একটি পার্ক জাপানি মাঙ্গা ও অ্যানিমেশন জগতের ওপর ভিত্তি করে গড়ে তোলার কথা রয়েছে। প্রকল্পটিতে মোট বিনিয়োগের পরিমাণ ধরা হয়েছে ৬০০ কোটি ইউরো।
আরো পড়ুন—মুসলিম শাসনের সুখময় স্মৃতিচারণ, এখনো খেলাফতের স্বপ্ন দেখেন ইহুদি রাব্বি সোফার
ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজ গত আগস্টের শেষ দিকে প্রকল্পটি নির্মাণের ঘোষণা দেন। জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে রিয়াদে দুই নেতার বৈঠকের সময় মাঙ্গা, বিশেষ করে জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ ‘ড্রাগন বল জেড’-এর প্রতি তাদের অভিন্ন আগ্রহ থেকে এ প্রকল্পের ধারণার সূত্রপাত হয়।
তবে পরিবেশবাদীদের কাছে এই পরিকল্পনা উন্নয়নের চেয়ে পরিবেশের জন্য বড় ধরনের হুমকি। বিক্ষোভকারীরা প্রকল্পটিকে ‘অপ্রয়োজনীয় ও ক্ষতিকর’ উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তন ও তীব্র তাপপ্রবাহের এই সময়ে নতুন করে প্রাকৃতিক জমি ধ্বংস করে বিপুলসংখ্যক পর্যটক আনার পরিকল্পনা সম্পূর্ণ সময়োপযোগিতাহীন।
‘মিরাপোলিস ও বাসিন্দারা’ নামের সংগঠনের সহপ্রতিষ্ঠাতা অ্যালিসিয়া দেলভিগ বলেন, প্রকল্পটি এলাকার ভূমি ব্যবস্থাপনার জন্য ক্ষতিকর। তার মতে, কয়েক হাজার পর্যটকের আগমন এবং নতুন অবকাঠামো নির্মাণের ফলে প্রাকৃতিক পরিবেশ ও কৃষিজমি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
প্রকল্পটির বিরুদ্ধে আন্দোলনকারীদের মধ্যে রয়েছেন নোত্র-দাম-দে-লঁদের বিমানবন্দরবিরোধী আন্দোলনের অভিজ্ঞ কর্মীরাও। তারা স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি আন্দোলনের কৌশল নিয়েও আলোচনা করছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এত বড় প্রকল্পের বিষয়ে তাদের সাথে কোনো ধরনের কার্যকর পরামর্শ বা আলোচনা করা হয়নি। ২৭ বছর বয়সী ম্যাক্সিম ত্রানিয়ে বলেন, প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পরিবহনব্যবস্থার ওপর ব্যাপক চাপ সৃষ্টি হবে এবং যাতায়াত আরো কঠিন হয়ে উঠবে।
প্রকল্প এলাকার কাছাকাছি বসবাসকারী ৫১ বছর বয়সী ফ্রাঁক ক্লাভোও পরিবেশগত ক্ষতি ও শব্দদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, একবার প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হয়ে গেলে তা আর আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়।
বিক্ষোভস্থলে আন্দোলনকারীদের হাতে থাকা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘জীববৈচিত্র্য চাই, অনিশ্চিত জীবন নয়’ এবং ‘কৃষক চাই, রোলার কোস্টার নয়’। তারা এলাকার বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের অস্তিত্ব রক্ষার দাবিও জানান।
এদিকে প্রকল্পটির প্রকৃত পরিকল্পনা ও পরিসর নিয়েও অস্পষ্টতা রয়েছে। শুরুতে ড্রাগন বলভিত্তিক পার্কের কথা আলোচনায় এলেও পরবর্তী সময়ে মাঙ্গা জগতের ওপর বৃহত্তর বিনোদনকেন্দ্র এবং ‘সমন্বিত পর্যটন গন্তব্য’ নির্মাণের কথা বলা হচ্ছে। কিন্তু এর সুনির্দিষ্ট রূপরেখা এখনো পরিষ্কার নয়।
পরিবেশবাদীদের আশঙ্কা, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস, জীববৈচিত্র্যের ক্ষতি, যানজট ও পরিবেশদূষণ বাড়বে। তাদের দাবি, উন্নয়নের নামে স্থানীয় মানুষের মতামত উপেক্ষা করে প্রকৃতি ও কৃষিজমি ধ্বংসের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








