মিল্ক ভিটা, চেয়ারম্যান, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ককটেল বিস্ফোরণ, ককটেল, আমির হামজা সাথিল, আহত, চাচা, পরিবার, যুবক, মোটরসাইকেল
ককটেল বিস্ফোরণের দৃশ্য। নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২১ মিনিটে উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার ছয় সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মোটরসাইকেলে আসা দুই যুবককে বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি ককটেল নিক্ষেপ করতে দেখা যায়। হামলা করেই যুবকরা পালিয়ে যান।   

জানা গেছে, ঘটনার সময় বাড়িতে আমির হামজার চাচা ও তাদের পরিবারের সদস্যরা ছিলেন। ককটেলগুলো বাড়ির সামনের রাস্তায় বিস্ফোরিত হয়। এতে ঘরবাড়ি বা মানুষের ক্ষয়ক্ষতি হয়নি।

ফকিরহাট মডেল থানার ওসি রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কে বা কারা নাশকতা করেছে তা চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। বিষয়টির আইনী প্রক্রিয়া চলমান।