
আজও সেই অপেক্ষার দিন শেষ হল না বলে আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর সাথে গুম হওয়া ড্রাইভার আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম।
সোমবার (১৬ নভেম্বর) সকালে দেয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি হৃদয়বিদারক এক দৃশ্য অবতারণা করে বলেন, ‘এক সময় ভাবতাম বিএনপি ক্ষমতায় আসলে উনাদের নিখোঁজ হওয়ার সবকিছু খোলাসা হবে। কিন্তু বিএনপি যে ক্ষমতায় যাবে কখনো তা বুঝার সাধ্য ছিল না। কারণ তাদের ভিশন ছিল এক চল্লিশ সাল পর্যন্ত, এটা ভাবলেই চিন্তায় পড়ে যেতাম। মাথায় কাজ করত না। তাদের ক্ষমতার বাইরে কিছুই অসাধ্য ছিল না। এত নির্যাতনের শিকার হয়েছেন কত শত পরিবার আল্লাহ ভালো জানেন।’
মুক্তা বেগম বলেন, ‘আজ ঠিকই বিএনপি ক্ষমতায় গিয়েছেন কিন্তু কিছু্ই খোলাসা করতে পারেননি তাদের শেষ পরিণতি কি হয়েছিল। ভাবতে অবাক লাগে প্রায় চৌদ্দ বছর চলে গেছে, আজও সেই অপেক্ষার দিন শেষ হল না। আর এই জিয়াউল আহসান নামের ব্যক্তিটিকে যখন দেখি তখন মনে হয় ওর কোনো অপরাধ নেই। বাঘের মতো বুক ফুলিয়ে আইনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আদালতে হাজিরা দিতেছে। এই নাটক আর কতদিন চলবে জানি না। কি দরকার ছিল আটক করে পুলিশ হেফাজতে রাখার। যার যায় তারি যাক। ভালো থাকুক যে যার মতো। হাসিনা তুমিও পলাতক না থাকিয়া চলে আসো। তোমার অপেক্ষায় জনগণ। কে করবে তোমার বিচার। আসামির হাতে হাতকড়া পরানো এটাই তো পারলো না বিএনপি সরকার।’
উল্লেখ্য যে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে ঢাকার বনানী থেকে বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সাথে গুম হন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গোমরাগুল গ্রামের বাসিন্দা ও ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলী। ১৬ বছর পেরিয়ে গেলেও তিনি আজও তার সঠিক তথ্য মেলেনি।
ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে জিয়াউল আহসানকে গ্রেফতার করে পুলিশ। সাম্প্রতিক তাকে হাতকড়া ছাড়া আদালতে হাজির করার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সংসদে আলোচনা তোলেন ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট ২ আসনের সংসদ সদস্য তাহশীনা রুশদী লুনা ও ফেইসবুকে আবেগঘন স্ট্যাটাস দেন ইলিয়াস আলীর গাড়িচালক আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








