
ঢাকার আশুলিয়ায় স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে মো: হারুন (৩২) হত্যার ঘটনায় তার স্ত্রী মোসা: রত্নাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকা জেলা।
সোমবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার (এসপি) হলেন মো: আবু ইউসুফ এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান।
এর আগে, মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মরিচকাটা এলাকার জনৈক জাহিদুল ইসলামের বাড়ির দ্বিতীয় তলার একটি তালাবদ্ধ কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খুলে শয়নকক্ষের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় মো: হারুনের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বড় বোন মোসা: সাজেদা বেগম নিহতের স্ত্রী মোসা: রত্নাকে এজাহারনামীয় আসামি করে আশুলিয়া থানায় মামলা করেন। বুধবার (৪ নভেম্বর) দায়ের করা মামলাটির নম্বর ০৫। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
ঘটনার পর থেকেই পিবিআই ঢাকা জেলা ছায়া তদন্ত অব্যাহত রাখে। মামলাটি পিবিআইয়ের সিডিউলভুক্ত হওয়ায় শনিবার (৭ নভেম্বর) সংস্থাটি স্ব-উদ্যোগে তদন্তভার গ্রহণ করে। বর্তমানে এসআই (নিঃ) মো: আব্দুর রহিম মামলাটি তদন্ত করছেন।
তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৬ নভেম্বর) আশুলিয়া থানাধীন বাড়াইপাড়া এলাকা থেকে রত্নাকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে নিহতের ব্যবহৃত সিমসহ একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে গ্রেফতার রত্না আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পিবিআইয়ের তদন্তে জানা গেছে, স্বামীর দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে হারুন ও রত্নার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ৩১ অক্টোবর রাতে দুইজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়।
এর ধারাবাহিকতায় রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে হারুন ঘুমন্ত অবস্থায় থাকাকালে রত্না শিল দিয়ে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন। এতে হারুনের মৃত্যু হয়। পরে রত্না কক্ষটি তালাবদ্ধ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পিবিআই। মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








