
রাজধানীর মিরপুরে এক পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পিটিয়েছেন আন্দোলনরত পোশাক শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে মিরপুরের কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে।
আহত ওই কনস্টেবলের নাম মো: সাইমন। তিনি বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন। এ সময় কয়েকজনকে হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করতেও দেখা যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর-১১ থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হলে তারা কালশীর দিকে সরে যান। এ সময় পল্লবী থানা থেকে পুলিশ সদস্যরা মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় পেয়ে এক কনস্টেবলের ওপর হামলা চালানো হয়।
এর আগে, সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে পোশাক শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পোশাকশ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় অন্তত চারজনকে আটক করে পুলিশ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








