
যুব উন্নয়ন অধিদফতরের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় করা মামলায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) সহকারী পরিচালক সোহাগ ফকিরকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার সকালে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো: ছুফি উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার রাতে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা এলাকা থেকে সোহাগ ফকিরকে গ্রেফতার করা হয়।
এরও আগে, যুব উন্নয়ন অধিদফতরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পাঁচ সরকারি কর্মচারীসহ সাতজনকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
গ্রেফতার হওয়া সরকারি কর্মচারীদের মধ্যে রয়েছেন যুব উন্নয়ন অধিদফতরের একজন ডেটা এন্ট্রি অপারেটর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহায়ক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন অফিস সহায়ক। গ্রেফতার হওয়া বাকি দুইজন চাকরিপ্রত্যাশী।
শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদফতরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের ২৪২টি শূন্য পদে নিয়োগের বাছাই পরীক্ষা হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় আবেদন করেন ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী। বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা থাকলেও ওই দিন সকাল ১০টা ৩ মিনিটে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় ১৪, ১৫ ও ১৬ অক্টোবর রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) মতিঝিল থানায় মামলা করে যুব উন্নয়ন অধিদফতর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








