
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ এবং ওষুধ তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
বুধবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন আব্দুল্লা আল-মামুন (৪২), মো: সাজু (৩৩) ও মো: সজীব (২৬)।
ডিবি ওয়ারী বিভাগ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান রোডের ব্লক-সি এলাকার একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালায়। এ সময় ওই তিনজনকে গ্রেফতার করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের সিরাপ, ক্যাপসুল, শ্যাম্পু, ফেসওয়াশ, হাইজিন ওয়াশ, সাবান, পাউডার, ট্যাবলেট ও বিভিন্ন প্যাকেজিং সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ১৯২টি KIDZ Omega Liquid 100ml সিরাপ, ১০০ বক্স LACTOFLEX Capsules, ৩০টি Facy GLOW Face Wash, ১৫০টি Detox Plus Shampoo, ৭০টি Pedia Vox Kid Syrup, ৩০০ পাতা Osearc-CD ক্যাপসুল, ৫ কেজি Oriva Hapes সাদা পাউডার, ৫০টি BIOKET Active Shampoo, ৮০০টি KIDICARE Syrup Plus 100ml, ৭০টি ZERO DAN Shampoo, ৪০টি KETCOR-Z Shampoo এবং ১০টি Nutramide Syrup।
এছাড়া ১৫০টি INTA CLEAN HYGIENE WASH-এর খালি মোড়ক, মোড়কবিহীন ৮০ বোতল Hygiene Wash, ৩০০টি PERMIMITE Soap-এর খালি মোড়ক, ৮০টি Spiruva (Spirulina) লিফলেট, ১০০টি ফেসওয়াশের পলিথিন, ৩০০টি লেবেলবিহীন সিরাপের বোতল, ৪০০টি সাদা প্লাস্টিকের কৌটা, ১০০টি লেবেলবিহীন সাদা ট্যাবলেট ও ৫০০টি সবুজ রঙের খালি ক্যাপসুল সেল উদ্ধার করা হয়।
অভিযানে ওষুধ তৈরির কাজে ব্যবহৃত তিনটি সিলিন্ডার, একটি ফুয়েল লাগানোর মেশিন, দুইটি ক্যাপসুল ভরার মেশিন, ১০ কেজি ফুয়েল, ছয়টি ক্যাপসুল ভরার যন্ত্রাংশ ও দুটি লেবেল লাগানোর সাঁচ জব্দ করা হয়েছে।
ডিবি ওয়ারী বিভাগ জানায়, উদ্ধার করা সামগ্রীর মধ্যে শিশুদের ব্যবহারের কয়েকটি সিরাপ ও লিকুইড পণ্য রয়েছে। এসব ভেজাল ও অনুমোদনহীন ওষুধ শিশুদের জীবন ও স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ভেজাল ওষুধ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অভিযোগে গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। এই ভেজাল ওষুধের উৎস, প্রস্তুতকারক, সরবরাহকারী এবং এর সাথে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








