ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক যুবক
ট্রাফিক পুলিশের তৎপরতায় আটক যুবক। সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাসে ওঠার সময় যাত্রীর পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক ছিনতাইকারী। আটক ব্যক্তির নাম মো: মুজাহিদ (২০)।

Advertisement

মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার আকতার হোসেন এ তথ্য জানান।

ওয়ারী ট্রাফিক বিভাগের বরাত দিয়ে তিনি জানান, সোমবার (৫ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ফজলে রাব্বি ও কনস্টেবল রবিউল। এ সময় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বাসে উঠতে গেলে তার পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন এক ছিনতাইকারী।

তখন ভুক্তভোগীর চিৎকার শুনে কর্তব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া করে ওই ছিনতাইকারীকে আটক করেন। পরে তার কাছ থেকে ছিনতাই করা ফোনটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান আকতার হোসেন।