
চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে সোহেলী তামান্না নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মো: ছানোয়ার হোসেনকে (৫৫) গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৫ আগস্ট সকালে ভাটারা থানা এলাকায় ২০০ থেকে ৩০০ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। ওই সময় গুলিবর্ষণ ও দেশীয় অস্ত্রের আঘাতে সোহেলী তামান্না বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত পান। এছাড়া তিনি পিঠে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনায় সোহেলী তামান্না ২০২৫ সালের ৭ জুলাই ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। সূত্র : বাসস








