ঢামেকে প্রতারক চক্রের ২ সদস্য আটক
ঢামেক হাসপাতালে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা। নয়া দিগন্ত

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ইমারজেন্সি পাবলিক টয়লেটের পাশ থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা।

Advertisement

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢামেক জরুরি বিভাগের সামনে পাবলিক টয়লেটের পাশ থেকে তাদের আটক করে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।

আটকরা হলেন জিসান (২৬) ও নিরব (২৮)।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন বলেন, সকালে একটি টহল প্রতারক চক্রের দুই সদস্যকে ঢামেক জরুরি বিভাগের পাবলিক টয়লেটের সামনে থেকে হাতে-নাতে আটক করে। পরে আমাকে খবর দিলে আমরা প্রতারক চক্রের দুই সদস্যকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি।

তিনি আরো জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিক্যালের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে টাকা-পয়সা, স্বর্ণের গহনা ও মোবাইল হাতিয়ে নেয়। তাদের কাছ থেকে চারটি ভিসা কার্ড ও চারটি ভোটার আইডি কার্ড, গাঁজা, ডলার ও টাকা উদ্ধার করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো: হাবিবুর রহমান বলেন, ঢামেকের আনসার সদস্যরা প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে আমাদের এখানে নিয়ে আসে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে অবগত করেছি।

দুই প্রতারককে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।