লাশ উদ্ধার, পুলিশ, ঢাকা মেডিক্যাল কলেজ, ময়নাতদন্ত, আত্মহত্যা
ধানমন্ডি লেক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ১০ নম্বর রোডে আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচের লেক থেকে মো: জাবেদ আহমেদ (৫১) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে ধানমন্ডি ১০ নম্বর রোড এলাকার লেক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জাবেদ বনানীর ১৩ নম্বর রোডের ১২২ নম্বর বাসার মো. সালাউদ্দিন আহমেদের ছেলে। বর্তমানে তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-আই, রোড-১-এর ৫৬৬/৬৭ নম্বর বাসায় থাকতেন। পেশায় তিনি মার্কেটিং কনসালট্যান্ট ছিলেন।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনে ব্রিজের নিচে লেকের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি জানান, স্বজনদের বরাতে জানা গেছে, জাবেদ দীর্ঘদিন বেকার ছিলেন এবং আর্থিক সঙ্কটের কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এ পরিস্থিতিতে তিনি আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।