ঢাকা মেডিক্যাল কলেজ, ঢামেক, মৃত্যু, রহস্যজনক মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড় থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় যুবককের রহস্যজনক মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তানভীর হোসেন নামে এক পথচারী জানান, রাতে রিকশায় যাওয়ার সময় বংশাল কসাইটুলি জুম্মন কমিউনিটি সেন্টারের মোড়ে এক যুবককে গুরুতর আহত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারীদের ভাষ্য অনুযায়ী, ওই যুবকের দুটি পা ভাঙা ছিল। এছাড়া মাথার ডান পাশেও আঘাতের চিহ্ন ছিল। নিহতের পরনে ছিল কালো রঙের খাটো হাতা টি-শার্ট এবং গাঢ় লাল বা মেরুন রঙের ট্রাউজার।

তবে ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি আত্মহত্যা, সে বিষয়েও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: হাবিবুর রহমান জানান, লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।