হেরেও জোহানেসবার্গ টেস্টকে ইতিবাচক হিসেবে নিচ্ছেন অধিনায়ক শান্ত, কিন্তু কেন?
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। সংগৃহীত
ads

জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হারলেও প্রথম ইনিংসের ব্যাটিংকে দলের বড় অর্জন হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম ইনিংসে ৪০০ রান সংগ্রহ করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টের প্রথম ইনিংসে কোনো এশীয় দলের এটিই সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো দলও এর আগে দক্ষিণ আফ্রিকায় টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করতে পারেনি।

তবে মুদ্রার অন্য পিঠও রয়েছে। জোহানেসবার্গে ৪০০ রান করার পর কোনো দল এর আগে টেস্ট ম্যাচ হারেনি।

হারের পেছনে নিজেদের কিছু বড় ভুলকে দায়ী করেছেন শান্ত।

বাংলাদেশের ৪০০ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৫৫৭ রান করে ১৫৭ রানের লিড নেয়। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ফলে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান, যা তারা ১.৩ ওভারেই পেরিয়ে যায়।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘আমরা যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে প্রথম ইনিংসে, তাতে আমি খুবই খুশি। সাধারণত টস জিতে ব্যাটিংয়ের সুযোগ আমরা এ ধরনের পরিস্থিতিতে খুব বেশি পাই না। তবে এবার এটি আমাদের জন্য বড় ইতিবাচক দিক ছিল।’

দেশের পেসারদের উন্নতিরও প্রশংসা করেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, গত কয়েক বছরে পেসারদের পারফরম্যান্স দলের খেলায় উল্লেখযোগ্য উন্নতি এনেছে।

তবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নো বল করা এবং ক্যাচ ছাড়ার খেসারত দিতে হয়েছে বলে স্বীকার করেন শান্ত।

তিনি বলেন, ‘বিশ্বের সেরা দলের বিপক্ষে খেলতে গেলে অনেক বেশি ভুল করার সুযোগ নেই, বিশেষ করে বোলিংয়ে। আমরা অনেক নো বল করেছি এবং ক্যাচ ছেড়েছি। আমার বিশ্বাস, এসব ভুলের কারণেই আমরা ম্যাচটি হেরেছি।’

এ ধরনের ভুল হতে পারে বলে স্বীকার করলেও শীর্ষস্থানীয় দলগুলোর বিপক্ষে খেলতে হলে বাংলাদেশকে আরো শৃঙ্খলাপূর্ণ হতে হবে বলে মনে করেন তিনি।

হারের পরও লিটন দাস ও তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে আশার আলো দেখছেন অধিনায়ক। দুজনই সেঞ্চুরি করে নজর কেড়েছেন।

বিশেষ করে মাত্র চারটি টেস্ট খেলা হৃদয়ের পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত। পরের ম্যাচেও এই তরুণ ব্যাটারের আত্মবিশ্বাস ধরে রাখার প্রত্যাশা তার।

শান্ত বলেন, ‘আমার মনে হয়, আমরা যেভাবে ব্যাটিং করেছি, বিশেষ করে লিটন ও হৃদয়, তা খুব ভালো ছিল। হৃদয় মাত্র চারটি টেস্ট খেলেছে। কিন্তু সে যেভাবে ব্যাটিং করেছে, তা দেখে আমি সত্যিই খুশি। আশা করি, এই আত্মবিশ্বাস পরের ম্যাচেও আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে।’