
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) আবারো শ্রেষ্ঠত্বের মুকুট খুলনার মাথায়। রংপুর বিভাগকে ৯ উইকেটে হারিয়ে রেকর্ড অষ্টমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে খুলনা বিভাগ। সিলেটে শেষ রাউন্ডের শেষ দিনেই শিরোপা নিশ্চিত করেছে দলটি।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ রাউন্ডের ম্যাচে খুলনার সামনে সমীকরণ ছিল বেশ সহজ—শিরোপা নিশ্চিত করতে হার এড়ালেই চলত। তবে শুধু সমীকরণ মেলানোতেই সন্তুষ্ট থাকেনি দলটি। ব্যাটে-বলে দাপট দেখিয়ে রংপুরকে হারিয়েই শিরোপা নিশ্চিত করেছে তারা।
ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৩৩৮ রান সংগ্রহ করে রংপুর বিভাগ। জবাবে খুলনার ইনিংস থামে ৩২২ রানে। তাতে প্রথম ইনিংসে ১৬ রানের লিড পায় রংপুর। খুলনার হয়ে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন নুরুল হাসান সোহান। গুরুত্বপূর্ণ সময়ে সেঞ্চুরি তুলে নেন তিনি। বল হাতে সফর আলী নেন ৪ উইকেট।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুলনার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি রংপুর। মাত্র ১৮৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেয়া সফর আলী ছিলেন খুলনার বোলিং আক্রমণের অন্যতম নায়ক।
তার কার্যকর বোলিংয়েই রংপুরকে অল্প রানে আটকে রেখে জয়ের পথ তৈরি করে দেয় খুলনা। চতুর্থ ইনিংসে জয়ের জন্য খুলনার লক্ষ্য দাঁড়ায় ২০২ রান।
সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন এনামুল হক বিজয় ও আজিজুল হাকিম তামিম। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ১২৩ রান। ৬৮ বলে ৮১ রানের ঝোড়ো ইনিংস খেলে বিজয় আউট হলেও ততক্ষণে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।
বাকি পথ অনায়াসেই পাড়ি দেন তামিম ও কালাম সিদ্দিকি। তামিম ১২৩ বলে ৭৮ রান করে অপরাজিত থাকেন। অন্য প্রান্তে কালাম ৫৫ বলে ৩৬ রান নিয়ে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত মাত্র ৪০ ওভারে ১ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় খুলনা।
বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন সফর আলী।
খুলনার শিরোপা নিশ্চিত হওয়ায় এবারের আসরে রানার্সআপ হয়েছে সিলেট বিভাগ। আর রংপুরের বিপক্ষে শেষ দিনের এই জয় দিয়ে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের শ্রেষ্ঠত্বের নতুন মাইলফলক স্পর্শ করল খুলনা।
রেকর্ড অষ্টম শিরোপা জয়ের আনন্দে শেষ হলো তাদের এবারের এনসিএল অভিযান। পেছনে ফেলেছে ঢাকাকে। ৭ শিরোপা নিয়ে এতোদিন খুলনার সাথে যৌথভাবে শীর্ষে ছিল রাজধানীর দলটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








