
সিলেটের পর জোহানেসবার্গ, ৮ দিনের ব্যবধানে ২ সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের। ডাবল সেঞ্চুরির পর এবার সেঞ্চুরি হাঁকালেন বাংলাদেশ দলের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
আগের ম্যাচে সিলেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪২* রানের অনবদ্য ইনিংস খেলেন হৃদয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসের প্রথম দিনে ১৩২ রানে অপরাজিত তাওহীদ। তাকে সঙ্গ দিচ্ছেন উইকেটকিপার ব্যাটসম্যান লিটন কুমার দাস। তিনি অপরাজিত ৮৯ রানে। বাংলাদেশের সংগ্রহ ৩১৯/৫।
রোববার জোহানেসবার্গে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথমে ব্যাট করতে নেমে কাগিসো রাবাদার গতির মুখে পড়ে মাত্র ২২ রানে প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ।
এরপর দলের হাল ধরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মিডলঅর্ডার ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। চতুর্থ উইকেটে তারা ৯৯ রানের জুটি গড়েন। দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের ব্যাটসম্যানদের এটাই সবচেয়ে বড় রানের জুটি।
একটা পর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ১২১ রান। এরপর শূন্য রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও মুশফিকুর রহিম। তানজিদ ১০৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৬৭ রান করলেও রানের খাতা খোলার সুযোগ পাননি মুশফিকুর রহিম। তিনি ব্যাটিংয়ে নেমেই উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার বিদায়ের মাধ্যমে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সবগুলো উইকেট একাই শিকার করেন কাগিসো রাবাদা।
এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও লিটন কুমার দাস। ষষ্ঠ উইকেটে ইতোমধ্যে তারা ১৯৮ রানের রেকর্ড জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই বাংলাদেশ দলের ঘরে-বাইরে রেকর্ড জুটি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








