
‘স্যান্ডপেপারগেট’ বা শিরিষ কাগজ কেলেঙ্কারি নিয়ে কাউকে নতুন করে হেনস্তা করার উদ্দেশ্য নেই বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার উসমান খাজা। বল টেম্পারিংয়ের ওই ঘটনা নিয়ে তদন্ত আবারও শুরুর দাবি জোরালো হওয়ার মধ্যে এমন মন্তব্য করলেন তিনি।
মঙ্গলবার প্রকাশিত নিজের আত্মজীবনীতে খাজা বলেছেন, ‘২০১৮ সালের বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে পুরো দলেরই জানা ছিল। বিষয়টি কেবল কয়েকজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বলের গতিপথ পরিবর্তনের জন্য শিরিষ কাগজ ব্যবহার করতে গিয়ে অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ধরা পড়ার পর দেশটির ক্রিকেটে বড় ধরনের বিতর্ক তৈরি হয়। খাজার বই প্রকাশের পর সেই বিতর্ক আবারও সামনে এসেছে।
মঙ্গলবার রাতে অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসিতে এক উত্তপ্ত সাক্ষাৎকারে বল টেম্পারিং সম্পর্কে আগে থেকে আর কারা জানতেন, তাদের নাম বলতে অস্বীকৃতি জানান খাজা।
তিনি বলেন, ‘আমি শুধু আমার দিক থেকে সত্যটা তুলে ধরছি। আমি আমার গল্প বলেছি, আমার সত্য তুলে ধরেছি।’
এক্ষেত্রে কোনো পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছেন না উল্লেখ করে খাজা বলেন, ‘আমি কোনো কিছুর দাবি জানাচ্ছি না। দল হিসেবে আমাদের কাছ থেকে আমি সব সময় শুধু দায়বদ্ধতা চেয়েছি।’
খাজা আরো বলেন, ‘আমার কাছে এটি কখনোই কাউকে খুঁজে বের করে হেনস্তা করার বিষয় ছিল না। দীর্ঘদিন ধরে শুধু ওই তিনজনকেই সমালোচনা ও চাপ সহ্য করতে হয়েছে।’
এই ঘটনায় শাস্তি পাওয়া ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের কথা উল্লেখ করেন খাজা। বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে আসার পর তাদের অসম্মানজনকভাবে দেশে ফিরিয়ে দেয়া হয়েছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে বলা হয়েছিল, ওই পরিকল্পনা সম্পর্কে আগে থেকে জানা ছিল শুধু এই তিন খেলোয়াড়ের।
তবে চলতি বছর ৮৮টি টেস্ট খেলে অবসর নেয়া খাজা তার ‘সাবর’ বইয়ে কেলেঙ্কারি নিয়ে লেখা একটি অধ্যায়ে ভিন্ন তথ্য দিয়েছেন।
বইটি প্রকাশের আগে গত সপ্তাহে সিডনি মর্নিং হেরাল্ডকে তিনি বলেন, ‘আমরা সবাই বিষয়টি জানতাম। শুধু ব্যাটাররা নয়, শুধু বোলাররা নয়, শুধু কর্মকর্তারাও নয়—আমরা সবাই।’
মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ কেলেঙ্কারির তদন্ত নতুন করে শুরুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। নতুন তদন্তের পক্ষে ‘জোরালো কোনো কারণ’ দেখছেন না বলে জানান তিনি।
গ্রিনবার্গ বলেন, ‘সোমবার একই দলের সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার খাজার বক্তব্যকে ‘শতভাগ সঠিক’ বলে সমর্থন করলেও তার প্রকাশিত তথ্যগুলো বিবেচনা করবেন।’ তবে এনিয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেয়ার প্রয়োজন দেখছেন না তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স এবং বোলার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন ২০২১ সালে প্রকাশ্যে ওই পরিকল্পনা সম্পর্কে জানার কথা অস্বীকার করেছিলেন।
তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যানও খেলোয়াড়দের মধ্যে ব্যাপকভাবে বিষয়টি জানাজানি ছিল বলে অস্বীকার করেছেন।
তবে খাজার ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার সোমবার ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে ৩৯ বছর বয়সী সতীর্থের বক্তব্যের সাথে একমত পোষণ করেন।
ওয়ার্নার বলেন, ‘উজি (উসমান খাজা), আমি তোমাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। তুমি যা করেছ, তার জন্য তোমাকে ধন্যবাদ।’
কেলেঙ্কারিতে জড়িত থাকার কারণে ক্রিকেট থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা পাওয়া ওয়ার্নার আরো বলেন, ‘তুমি যা বলেছ, তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে। বিষয়টি প্রকাশ্যে এসেছে। মানুষ সত্যটা জানতে চেয়েছিল। তুমি তা সামনে এনেছ।’
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








