
২০১৮ সালে ক্রিকেটে সবথেকে আলোচিত ঘটনা ছিল অস্ট্রেলিয়ার বল টেম্পারিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে সিরিজের তৃতীয় টেস্টে স্যান্ডপেপার বা শিরিষ কাগজ কেলেঙ্কারিতে জড়ায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল।
সেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ১ বছরের এবং ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। পাশাপাশি ওয়ার্নারকে দেয়া হয় আজীবন নেতৃত্বের নিষেধাজ্ঞা, যদিও ২০২৪ সালে তা প্রত্যাহার করা হয়।
গত শনিবার অস্ট্রেলিয়ান ব্যাটার উসমাস খাজা এ বিষয়ে বিস্ফোরক মন্তব্য করে বসেন। তার ভাষ্য, ‘শিরিষ কাগজ ব্যবহারের বিষয়টি পুরো দলই জানত। আমরা সবাই এর মধ্যে ছিলাম। ব্যাটাররা আলাদা নয়, বোলাররা আলাদা নয়, কিংবা স্টাফরাও নয়। আমরা সবাই জড়িত ছিলাম।’
খাজার বক্তব্য প্রত্যাখ্যান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, সেই ঘটনায় তদন্ত প্রক্রিয়া নিয়মতান্ত্রিকভাবেই সম্পন্ন হয়েছিল।
এবার সেই আগুনে ঘি ঢাললেন ডেভিড ওয়ার্নার। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেয়া এক ভিডিও বার্তায় খাজা ‘শতভাগ সঠিক’ বলে মন্তব্য করেন তিনি।
সাবেক ওপেনার ওয়ার্নার বলেন, ‘এ বিষয়ে আমি আট বছর পর কথা বললাম। আর উসি (উসমান খাজা), আমি তোমাকে আমার পূর্ণ সমর্থন জানাই। তুমি যা করেছ তার জন্য তোমাকে ধন্যবাদ। তুমি যা বলেছ তা শতভাগ সঠিক। এখন সবাই সত্যটা জানে।’
খাজা বলেছিলেন, ‘পুরো টেস্টে আমি ব্যানক্রফটের পাশেই বসেছিলাম, অথচ আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আমার দৃঢ় বিশ্বাস, আমি সত্যিটা বলে দেব এবং দল হিসেবে দায় নেয়ার কথা বলবো জেনেই আমাকে এড়িয়ে যাওয়া হয়েছিল। আমি ফোনের অপেক্ষায় ছিলাম, কিন্তু সেই ফোন আর আসেনি।’
তার এই বক্তব্যের সমর্থন জানিয়ে ওয়ার্নার বলেন, ‘ঘটনাটির পর ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্ত প্রক্রিয়াটি তাড়াহুড়ো করে করা, সেটি ত্রুটিপূর্ণ ছিল। উসি ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসেছিল। কিন্তু উসিকে জিজ্ঞাসাবাদ করা হয়নি।’
তিনি বলেন, ‘এটা কিভাবে একটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত হলো? আমি তা বুঝি না। আমরা এখানে কাউকে দোষারোপ করতে আসিনি বা পুরোনো ক্ষতকে উস্কে দিচ্ছি না। এর উদ্দেশ্য হলো জবাবদিহিতা, স্বচ্ছতা ও সত্যের যথাযথ উদ্ঘাটন।’
সে সময় তদন্তের সাথে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, ‘সম্ভবত এখন সময় এসেছে, তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে জবাবদিহিতা চাওয়া। স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট—সবাই ব্যাটসম্যান—খারাপ পরিস্থিতির শিকার হলেও, বোলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন কিভাবে বলের অবস্থার পরিবর্তন লক্ষ্য করেননি, তার কোনো ব্যাখ্যা দেয়া হয়নি।’
২০২১ সালে কামিন্স, স্টার্ক, হ্যাজেলউড ও লায়ন যৌথ বিবৃতি দিয়ে অস্বীকার করে জানান, বড় পর্দায় দেখার আগে তারা বাইরের কোনো বস্তু দিয়ে বলের আকৃতি বদলানোর বিষয়ে কিছুই জানতেন না।
এ বিষয়ের সমালোচনা করে ডেভিড বলেন, ‘কামিন্স ২০২১ সাল থেকে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। এই চারজন খেলোয়াড়ই অস্ট্রেলিয়ার লাল বলের দলে নিয়মিত সদস্য হিসেবে রয়েছে। ২০২১ সালে চারজনই যৌথ বিবৃতি প্রকাশ করে জানায় যে, মাঠে কোনো বহিরাগত পদার্থ আনা হয়েছিল কিনা সে সম্পর্কে তারা জানত না। গত আট বছরে বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে গণমাধ্যমে অনেক বিবৃতি ও ভুল তথ্য প্রকাশিত হয়েছে। এবং এমন অনেকেই ছিলেন যারা নীরব ছিলেন।’
সেই সময়ে স্মৃতিচারণ করে ১১২টি টেস্টে ৮,৭৮৬ রান করা ৪০ বছর বয়সী এই ক্রিকেটার, ‘নিঃসন্দেহে আমার পরিবার, স্টিভেন এবং ক্যামেরনের জন্য এটা একটা কঠিন সময় ছিল। কিন্তু এটাই সামনে আসা দরকার ছিল। আমি তোমাকে পুরোপুরি সমর্থন করি, উসি।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








