মালিবোঙ্গে মাকেতা, ডেল বেনকেনস্টাইন, বাংলাদেশের ফিল্ডিং কোচ, বাংলাদেশের ব্যাটিং পরামর্শক, বিসিবি কোচ নিয়োগ, বাংলাদেশ ক্রিকেট দল, বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর
অনুশীলনে ফিল সিমন্স ও মোহাম্মদ আশরাফুল। সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা সফর সামনে রেখে কোচিং স্টাফে নতুন মুখ যুক্ত করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ফিল্ডিং কোচের দায়িত্ব পাচ্ছেন দক্ষিণ আফ্রিকান মালিবোঙ্গে মাকেতা। আর ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন দেশটির সাবেক ক্রিকেটার ডেল বেনকেনস্টাইন।

Advertisement

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টিতে তাদের তত্ত্বাবধানে থাকবেন টাইগার ক্রিকেটাররা।

সাবেক ফিল্ডিং জেমস প্যামেন্ট পিঠের চোটে ছিটকে যাওয়ার পর পাকিস্তান সফরে দলের সাথে যুক্ত হয়েছিলেন আশিকুর রহমান। পরে প্যামেন্টের সাথে চুক্তি শেষ হলে অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

তবে দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের সাথে থাকছেন না আশিকুর। বাংলাদেশ ‘এ‘ দলের কোচিং স্টাফে যুক্ত করা হচ্ছে তাকে। কাতারে অনুষ্ঠেয় রাইজিং স্টারস ইমার্জিং কাপে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। তার বদলে জাতীয় দলের দায়িত্ব নেবেন মাকেতা।

এদিকে ব্যাটিং কোচের পদেও মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর স্থায়ী কাউকে নিয়োগ দেয়নি বিসিবি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ঘরের মাঠের সিরিজে এই দায়িত্ব সামলেছিলেন মোহাম্মদ সালাহউদ্দিন।

তবে এবার তাকে আবারো হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচের দায়িত্বে ফেরানো হচ্ছে। জাতীয় দলের দায়িত্ব নেয়ার আগে এই পদেই ছিলেন তিনি। আশরাফুলকেও বাংলাদেশ ‘এ‘ দলের কোচিং স্টাফে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার ডেল বেনকেনস্টাইনকে সেই জায়গায় ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে বিসিবি। ৫২ বছর বয়সী এই কোচের প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে প্রায় ১৬ হাজার রান। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন ২৩টি ওয়ানডেও।

কোচিংয়েও রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের ব্যাটিং কোচ ছিলেন তিনি। এছাড়া ইংল্যান্ডের হ্যাম্পশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুচেস্টারশায়ারের মতো কাউন্টি দলের সাথে কাজ করেছেন। বর্তমানে ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাবের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আগামী ১০ ও ১১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়ার কথা বাংলাদেশ দলের। ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। এরপর স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।