
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথ কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের। সিরিজ হারায় পয়েন্টের হিসাবে পিছিয়েছে দল। তবে ফাইনালের স্বপ্ন এখনই শেষ হয়ে যাচ্ছে না।
বাকি চারটি টেস্টে সব কটিতে জিততে পারলে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশের। সেইসাথে আছে আরো জটিল সব সমীকরণের মারপ্যাঁচ।
৪৫.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে এখন পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। তাদের ওপরে নিউজিল্যান্ড (৭২.২২), দক্ষিণ আফ্রিকা (৭১.৪৩), অস্ট্রেলিয়া (৬৯.২৩) ও ভারত (৫১.৫২)।
এই চক্রে বাংলাদেশের বাকি আছে চারটি টেস্ট। এ মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে খেলবে দুইটি। আগামী ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ। চারটিতেই জিততে পারলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৬৩.৮৯ শতাংশে। তাতে শীর্ষ দুইয়ে থেকে ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে।
আগের চক্রের হিসাবও বাংলাদেশের আশার জায়গা হতে পারে। ২০২১-২৩ চক্রে ৫৮.৮ শতাংশ পয়েন্ট নিয়েই ফাইনালে উঠেছিল ভারত। সেবার ফাইনালে ওঠা অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল ৬৬.৬৭ শতাংশ। অর্থাৎ, ফাইনালে যেতে পয়েন্টের নির্দিষ্ট কোনো উচ্চ সীমা নেই; অন্য দলগুলোর ফলও এখানে গুরুত্বপূর্ণ।
চার ম্যাচের তিনটিতে জিতলেও বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। একটি হার ও তিন জয়ে পয়েন্ট হবে ৫৫.৫৬ শতাংশ। তবে সেক্ষেত্রে অন্য দলগুলোর ফলের ওপর নির্ভর করতে হবে বাংলাদেশকে।
আর শেষ চার ম্যাচে দুইটি জয় ও দুইটি হার হলে পয়েন্ট ৫০ শতাংশের নিচে নেমে যাবে। তখন ফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষই হয়ে যাবে।
তাই ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো করার বিকল্প নেই বাংলাদেশের। তবে নিজেদের বাকি চার ম্যাচের ফলই শুধু নয়, অন্য দলগুলোর পয়েন্ট হারানোর দিকেও তাকিয়ে থাকতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








