সারোয়ার ইমরান
সারোয়ার ইমরান। সংগৃহীত

 

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাথে সারোয়ার ইমরানের পথচলা শেষ হওয়ার ইঙ্গিত মিলেছে। বিসিবির সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই নারী ক্রিকেটে আর কোচিং না করানোর সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। 

আগামী ৩০ অক্টোবর বিসিবির সাথে সারোয়ার ইমরানের দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। এরই মাঝে নতুন কোচ নিয়ে ভাবতে শুরু করেছে বিসিবি। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ডেভিড হ্যাম্পের নামই সবচেয়ে বেশি আলোচনায়।

হ্যাম্পকে নিয়ে বিসিবির পরিকল্পনার বিষয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেছেন, ‘আমি এখন পর্যন্ত তার আনুষ্ঠানিক ঘোষণা দেইনি। কাউকে বলিনি হ্যাম্পই হবে পরবর্তী কোচ।’

তবে সারোয়ারের নিজের বক্তব্যে নারী ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর বিষয়টি স্পষ্ট। ২৪ সেপ্টেম্বর একটি গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন, ‘ঢের হয়েছে। আমি আর ওমেন ক্রিকেটের সাথে নেই। আগামীতে আর নারী ক্রিকেট দলকে ক্রিকেটে কোচিং করাব না।’

নারী দলের বর্তমান পরিস্থিতি নিয়েও হতাশ সারোয়ার। তার উপলব্ধি, দলে প্রতিভাবান ক্রিকেটারের সংখ্যা সীমিত। হাতে গোনা কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দ্রুত কিংবা বড় ধরনের উন্নতি করা কঠিন বলেই মনে করছেন তিনি। তাই নারী ক্রিকেট থেকে সরে দাঁড়ানোকেই উপযুক্ত মনে করছেন এই কোচ।

তবে আনুষ্ঠানিকভাবে এখনই দায়িত্ব ছাড়ার সুযোগ নেই সারোয়ারের। তিনি বিসিবির বেতনভুক্ত কোচ হওয়ায় বোর্ডের সাথে চুক্তির বিষয়টিও রয়েছে। ফলে ৩০ অক্টোবর পর্যন্ত দায়িত্বে থাকার সম্ভাবনাই বেশি। এর আগে অবশ্য নিজের বিদায়ের ঘোষণা দিতে পারেন তিনি।

সারোয়ারের জায়গায় হ্যাম্পকে দায়িত্ব দেয়ার আলোচনা নতুন নয়। বাংলাদেশের ক্রিকেট কাঠামোর সাথে পরিচিত এই কোচ এর আগে বিসিবির হাই পারফরম্যান্স দলের প্রধান কোচ ও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। 

জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এর আগে পাকিস্তান নারী দলের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন হ্যাম্প।

অন্যদিকে, বাংলাদেশের ক্রিকেটে সারোয়ার ইমরানের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। দেশের প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশ দলের কোচিং স্টাফের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। পরবর্তী সময়ে জাতীয় দলের কোচ হিসেবেও কাজ করেছেন। ২০০৩ বিশ্বকাপের পর বাংলাদেশের কঠিন সময়ে জাতীয় দলের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তার।

নারী দলের দায়িত্ব নেয়ার পর সারোয়ারের অধীনে কিছু সাফল্য এলেও সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে এশিয়ান গেমসে ভারতের কাছে সেমিফাইনালে বড় ব্যবধানে হার এবং পরে পাকিস্তানের কাছে ব্রোঞ্জ পদকের ম্যাচে পরাজয়ের পর দল ও কোচিং কাঠামো নিয়ে আলোচনা নতুন করে সামনে আসে।

সব মিলিয়ে নারী ক্রিকেটে সারোয়ার ইমরানের অধ্যায় শেষ হওয়ার পথেই। একদিকে নিজের সরে দাঁড়ানোর ইচ্ছা, অন্যদিকে চুক্তি নবায়ন না করার আলোচনা—দুই দিক থেকেই পরিবর্তনের আভাস স্পষ্ট। এখন অপেক্ষা শুধু বিসিবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও নতুন কোচের নাম ঘোষণার।