
গাইবান্ধার সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় হুমাইরা খাতুন নামে সাড়ে চার বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নলডাঙ্গা-রহমতপুর সড়কের নলডাঙ্গার কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হুমাইরা খাতুন নলডাঙ্গা ইউনিয়নের যুবদল নেতা ও পীরগাছার দেবী-চৌধুরানী ডিগ্রি কলেজের প্রভাষক হামিদুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় হুমাইরা তার ফুফু মিনা বেগমের সাথে সড়ক পার হচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশুটি আমার ফুফাতো ভাইয়ের মেয়ে। হুমাইরার মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।
এ বিষয়ে জানতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলামের মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








