গুইমারায় বৌদ্ধ সম্প্রদায়ের উৎসবে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার
সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল সেনাবাহিনীর পক্ষ থেকে ভান্তের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। নয়া দিগন্ত

খাগড়াছড়ির গুইমারায় বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দানোত্তর কঠিন চীবর দান-২০২৬ অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেয়া হয়েছে। পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মাঝে সম্প্রীতির বন্ধন দৃঢ় করতে সেনাবাহিনীর জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এ উপহার দেয়া হয়। 

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) উপজেলার তৈকর্মা পাড়া চুলামনি আনন্দ বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল এ উপহার হস্তান্তর করেন।

চুলামনি আনন্দ বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত দানোত্তর কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল।

অনুষ্ঠানে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল উপস্থিত বৌদ্ধ ধর্মীয় গুরু (ভান্তে), প্রধান অতিথি, স্থানীয় জনপ্রতিনিধি ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ধর্মীয় গুরুর প্রতি শ্রদ্ধা ও সম্প্রীতির নিদর্শন হিসেবে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে ভান্তের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় সেনা কর্মকর্তাদের সৌহার্দ্যপূর্ণ উপস্থিতিতে অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ তৈরি হয়।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ সেনাবাহিনী সব সময় স্থানীয় জনগণের পাশে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সম্প্রীতিবর্ধক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি জনপদের সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক আস্থা ও ভালোবাসা বজায় রাখতে সেনাবাহিনীর এমন অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয়। ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে সেনাবাহিনীর এ ধরনের সম্পৃক্ততা স্থানীয় মানুষের সাথে তাদের সম্পর্ককে আরো গভীর করছে।