টুঙ্গিপাড়া, থানা, এমপি, জিলানী,
টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা-অগ্নিসংযোগ। সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানা এবং গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর পাটগাতি দক্ষিণ পাড়ার বাসভবনসহ তার আত্মীয়-স্বজনের ১৫টি বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে তারা এসব বাড়িতে আগুন দেয়। এ ঘটনার পর থেকে থানার সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে।

এমপি জিলানী ও স্বজনদের বাড়িতে হামলা ও লুটপাট

বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে সরেজমিনে দেখা যায়, পাটগাতিতে মধুমতি নদীর তীরে অবস্থিত সংসদ সদস্য এস এম জিলানীর আড়াই তলা পাকা বাড়ি থেকে তখনও ধোঁয়া উড়ছে। আগুনে বাড়ির সব আসবাবপত্র ও জিনিসপত্র পুড়ে গেছে এবং কোনো কিছুই আর অক্ষত নেই। পাশেই থাকা তার পৈতৃক টিনের ঘরটিও ভাঙচুরের পর আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া তার চাচাতো ভাই এস এম মাহমুদের বাড়িসহ ১৪ জন আত্মীয়-স্বজনের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, যার বেশিরভাগই টিনের তৈরি।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, বাড়িতে আগুন দেয়ার আগে স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হয়।

ঘটনার বর্ণনা দিয়ে সংসদ সদস্যের মেজো ভাই এস এম হায়দার আলী বলেন, ‘বাড়িতে তিন বোন ও তাদের ছেলেমেয়েরা ছিলেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে কয়েকশ’ লোক লাঠিসোটা ও অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির দিকে ছুটে আসে। তখন আমরা প্রাণভয়ে পালিয়ে যাই।’

সংসদ সদস্যের বড় বোন সেতারা কবির অভিযোগ করেন, ‘আগুন দেয়ার আগে বাড়ি থেকে দুটি ফ্রিজ, তিনটি ওভেন ও ২০ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়।’

ফায়ার সার্ভিসের তৎপরতা ও ক্ষয়ক্ষতির পরিমাণ

টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার এসকান্দার শেখ জানান, আগুন লাগার খবর পাওয়ার পরপরই স্টেশনের সামনে একদল লোকের বিক্ষোভের কারণে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে যেতে পারেননি। পরবর্তীতে রাত ৯টা ৫৫ মিনিটে তারা সংসদ সদস্যের বাড়িতে পৌঁছান এবং ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ২টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

এই অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে বিক্ষোভকারীদের বাধার কারণে ফায়ার সার্ভিস কর্মীরা টুঙ্গিপাড়া থানায় লাগা আগুন নেভাতে যেতে পারেননি।

টুঙ্গিপাড়া থানায় হামলা, লুটপাট ও পুলিশশূন্য অবস্থা

এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে টুঙ্গিপাড়া থেকে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এর প্রতিবাদে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা থানা ঘেরাও করে ভাঙচুর চালান। 

এক পর্যায়ে তারা আটককৃত ছাত্রলীগ নেতাকর্মীদের ছিনিয়ে নেন এবং থানায় আগুন ধরিয়ে দেন। আগুনে দুই তলা থানা ভবনের সব কক্ষ, ভেতরের সমস্ত জিনিসপত্র এবং পুলিশের ৯টি সরকারি গাড়ি পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। 

পুলিশ সদস্যদের অভিযোগ, হামলাকারীরা থানা থেকে সরকারি অস্ত্রসহ কম্পিউটার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে গেছে।

হামলার সময়ই কর্তব্যরত পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। বুধবার দুপুর ২টার দিকে টুঙ্গিপাড়া থানায় গিয়ে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে পাশের পুলিশ অফিসার্স মেস থেকে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যদের ভ্যানে করে সরকারি আগ্নেয়াস্ত্র, হেলমেট ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চলে যেতে দেখা যায়।

একাধিক পুলিশ সদস্য জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের নিরাপদ স্থানে চলে যেতে বলেছেন। তবে তারা তাদের গন্তব্যের বিষয়ে কিছু জানাননি। 

এদিকে গোপালগঞ্জ শহর থেকে টুঙ্গিপাড়া পর্যন্ত সড়কের কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা চোখে পড়েনি।