৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা
৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা। নয়া দিগন্ত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মো: রাশেদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের আরিফ হোসেন তাহেরের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের একটি ডোবার ধারে চলে যায় শিশু রাশেদ। একপর্যায়ে অসাবধানতাবশত সে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানি থেকে তাকে উদ্ধার করে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: নাজমুস সাকিব জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

চান্দলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহাব উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবা সম্পর্কে শিশুদের অভিভাবক ও স্বজনদের আরো সতর্ক থাকার আহ্বান জানান তিনি।