আটক যুবলীগ নেতা আকলুস আহমেদ রিয়াজ
আটক যুবলীগ নেতা আকলুস আহমেদ রিয়াজ। নয়া দিগন্ত

হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ বানানোর ঘোষণা ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে আকলুস আহমেদ রিয়াজ (২৫) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

Advertisement

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৮ নভেম্বর) সকালে জেলার নবীগঞ্জ উপজেলার দত্তগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে নবীগঞ্জ থানা পুলিশের একটি দল।

আটক আকলুস আহমেদ রিয়াজ উপজেলার সদর ইউনিয়নের দত্তগ্রামের বাবুল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়ভাবে আকলুস আহমেদ রিয়াজ হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে গড়ে তোলার হুমকি ও উসকানিমূলক বক্তব্য দেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি এবং জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় পুলিশ তাকে আটকের উদ্যোগ নেয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উসকানিমূলক বক্তব্য দিয়ে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার অভিযোগে আকলুস মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।