অবৈধ স্থাপনা
অবৈধ স্থাপনা উচ্ছেদ। নয়া দিগন্ত

ভোলার লালমোহন পৌরসভার দত্তপাড়া পুকুরপাড় এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। 

Advertisement

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর কর্তৃপক্ষ এবং যৌথবাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

পৌরসভা সূত্রে জানা যায়, শহরের সৌন্দর্যবর্ধন ও জনচলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুকুর পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে নিতে এর আগে মাইকিংয়ের মাধ্যমে বারবার সতর্ক করা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দখলদাররা মালামাল ও স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।

অভিযানের শুরুতে স্থানীয় কিছু দখলদার বাধা সৃষ্টির চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে যৌথবাহিনী মোতায়েন করা হয়। পরে যৌথবাহিনীর কঠোর নিরাপত্তায় অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

উপজেলা ও পৌর প্রশাসন জানিয়েছে, শহরের সৌন্দর্যবর্ধন এবং সরকারি জায়গা দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। 

যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেক।