দীঘিনালার দুর্গম এলাকায় সেনাবাহিনীর ফ্রি মেডিক্যাল ক্যাম্প
সেনাবাহিনীর দীঘিনালা জোন এ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করে। নয়া দিগন্ত

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম এলাকায় বসবাসরত চার শতাধিক মানুষের চিকিৎসা সহায়তায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে সেনাবাহিনীর দীঘিনালা জোন।

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) জোন কমান্ডারের নির্দেশনায় ও জোনের রেজিমেন্টাল মেডিক্যাল অফিসারের (আরএমও) তত্ত্বাবধানে উপজেলার দুর্গম নৌকাছড়া এলাকার বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো: জাহিদুল ইসলাম উপস্থিত থেকে চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন। দিনব্যাপী আয়োজিত এ কার্যক্রমে চার শতাধিক পাহাড়ি নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।

যাতায়াতের অসুবিধার কারণে দুর্গম পাহাড়ি অঞ্চলের অনেক বাসিন্দার পক্ষে উপজেলা হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়া সম্ভব হয় না। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এ উদ্যোগ স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে সহায়ক ভূমিকা রাখছে। নিজ এলাকায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে সেনাবাহিনী প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।