
নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেনসহ ২৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরো ১০-১৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ মামলার এজাহার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে আলমগীর হোসেন নামে এজাহারভুক্ত আসামি গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার আলমগীর বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লার তাইজুল ইসলাম তাজেলের ছেলে।
এর আগে, ১৩ নভেম্বর বিএনপি কর্মী ও ব্যবসায়ী বয়েন উদ্দিন বড়াইগ্রাম থানায় এ মামলা দায়ের করেন।
এ মামলার প্রধান অভিযুক্ত কে এম জাকির হোসেন বড়াইগ্রাম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি। ওই মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ২০২১ সালের ২৯ জুন তৎকালীন মেয়র কে এম জাকির হোসেনসহ ৪৪ জনের বিরুদ্ধে অাদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।
মামলার বিবরণে জানা যায়, আসামিরা দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে, ২০১০ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর ফজলীতলা গাজী বাড়ির সামনে অভিযুক্তরা তার ওপর হামলা চালান। এ সময় চাইনিজ কুড়াল, হাসুয়া ও রামদা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে মৃত্যু নিশ্চিত করতে তাকে গুলি করে ও মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে দেয়। এ সময় তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান তারা। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ মারাত্মক নির্যাতনের শিকার হয়ে তিনি বর্তমানে পঙ্গুত্ব জীবনযাপন করছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী বয়েন উদ্দিন জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অভিযুক্তদের রাজনৈতিক প্রভাবের কারণে তিনি মামলা করার সুযোগ পাননি। দীর্ঘ ১৬ বছর পর দেশে গণতান্ত্রিক পরিবেশ ও ন্যায়বিচারের আশায় তিনি এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কে এম জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ন্যাপের সভাপতি আব্দুর রহিম, সাবেক মেয়র কে এম জাকির হোসেনের ভগ্নিপতি গোলাম রসুল মধু, পৌর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি অমর ডি কস্তা, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান, জোয়াড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন ও জিয়াউর রহমান, সাবেক সদস্য খাদেমুল বাশার ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য নাজমুল হক শেখসহ ২৩ জন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ইতোমধ্যে এ মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








