শ্রমিক আন্দোলন
গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন। নয়া দিগন্ত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ আরও ছড়িয়ে পড়েছে। 

Advertisement

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন ও বিক্ষিপ্তভাবে দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। দিনভর চলা এই অস্থিরতার জেরে সোমবার পর্যন্ত গাজীপুরে ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

কোনাবাড়ী ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দিনভর উত্তেজনা

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং কোথাও কোথাও শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত কারখানাগুলোর পাশাপাশি বিভিন্ন কারখানায় এক দিনের সাধারণ ছুটিও ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

একই দিন নাওজোর ও ভোগড়া বাইপাস এলাকাতেও শ্রমিকেরা বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় প্রায় আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। অন্যদিকে জয়দেবপুর ও সালনা এলাকায় একই দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক ও কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানালে শ্রমিকদের একাংশ উত্তেজিত হয়ে ওঠেন। পরে তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়।

বিকেলে কোনাবাড়ী এলাকায় কয়েকজন যুবক হঠাৎ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীরগতিতে চলাচল করা একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান। তবে এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সোমবার পর্যন্ত গাজীপুরে ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অনেক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করায় সেসব কারখানায় সোমবারের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। দিনভর বিভিন্ন এলাকায় শ্রমিকেরা অল্প সময়ের জন্য জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিক অসন্তোষে ১৯ মামলা, গ্রেফতারের পৃথক হিসাব

শ্রমিক আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশ, শিল্প পুলিশ এবং জেলা পুলিশের আওতাধীন কালিয়াকৈর থানায় পৃথকভাবে মামলা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় মোট ১৯টি স্বতন্ত্র মামলা হয়েছে। তবে গ্রেফতারের সংখ্যায় সংস্থাভেদে পৃথক হিসাব রয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো: বেলায়েত হোসেন জানান, মহানগর পুলিশের বিভিন্ন থানায় এ পর্যন্ত ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বাসন থানার একটি ও কোনাবাড়ী থানার একটি মামলা শিল্প পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মহানগর পুলিশের অধীনে ১২টি মামলা রয়েছে।

মহানগর পুলিশের মামলাগুলোর মধ্যে দণ্ডবিধিতে ১০টি, সন্ত্রাসবিরোধী আইনে তিনটি এবং বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। দণ্ডবিধির মামলাগুলোর মধ্যে বাসন থানায় পাঁচটি, কোনাবাড়ী থানায় দুটি, কাশিমপুর থানায় দুটি ও গাছা থানায় একটি রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে সদর থানায় দুটি ও বাসন থানায় একটি এবং বিশেষ ক্ষমতা আইনে কাশিমপুর থানায় একটি মামলা হয়েছে।

অন্যদিকে শিল্প পুলিশের পক্ষ থেকে আগে জানানো হয়েছে, তাদের অধীনে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় ৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে জেলা ও মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাই চলছে।

জেলা পুলিশের আওতাধীন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলন ও সংশ্লিষ্ট ঘটনায় থানায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় পাঁচ থেকে ছয় হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত অব্যাহত রয়েছে।

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, মহানগর পুলিশের ১৪টি মামলার মধ্যে দুটি শিল্প পুলিশের কাছে হস্তান্তর হওয়ায় মহানগর পুলিশের নিজস্ব ১২টি, শিল্প পুলিশের তিনটি এবং কালিয়াকৈর থানার চারটি মিলিয়ে মোট ১৯টি স্বতন্ত্র মামলার হিসাব পাওয়া যাচ্ছে। তবে তিন সংস্থার গ্রেফতারের হিসাবে একই ব্যক্তি একাধিকবার অন্তর্ভুক্ত হয়েছেন কি না, তা নিশ্চিত না হওয়ায় মোট গ্রেফতারের সংখ্যা নির্ধারণ করা যাচ্ছে না।

শ্রমিকদের কাজে ফেরাতে পুলিশের বিশেষ তৎপরতা

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আশিক সাঈদ পিপিএম জানান, শ্রমিকেরা যাতে নির্বিঘ্নে কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিতে পারেন, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে। দেশের সম্ভাবনাময় পোশাকশিল্পকে পরিকল্পিতভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা হচ্ছে বলে পুলিশ মনে করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি, এপিবিএন, মহানগর ও জেলা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, সকাল থেকেই বিভিন্ন এলাকায় পুলিশের মোবাইল টিম, পিকেট ও টহল দল দায়িত্ব পালন করছে। পোশাক কারখানাকেন্দ্রিক স্থায়ী টহল দলও কাজ করছে। কোথাও নাশকতার আশঙ্কার তথ্য পাওয়া গেলে দ্রুত সেখানে পুলিশি দল পাঠিয়ে জড়িতদের গ্রেফতারের ব্যবস্থা নেয়া হচ্ছে। শ্রমিকেরা যাতে বাধা ছাড়াই কারখানায় প্রবেশ করতে পারেন, সে জন্য আন্দোলনের পেছনে উসকানিদাতা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই সবার নাম প্রকাশ করা সম্ভব না হলেও যথাসময়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন

শিল্পাঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো: সোহেল রানা জানান, শিল্পাঞ্চল, মহাসড়ক ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। 

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসারের সমন্বয়ে ২৫ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিকে গাজীপুর ব্যাটালিয়ন-৬৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, শিল্পাঞ্চলের শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো: নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বাভাবিক উৎপাদন ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ

শ্রমিকদের বেতন-ভাতা ও মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শ্রমিক অসন্তোষের প্রভাবে একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, ব্যাহত হচ্ছে উৎপাদন এবং বাড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর চাপ। শ্রমিকদের দাবি-দাওয়া নিষ্পত্তির পাশাপাশি কারখানার নিরাপত্তা নিশ্চিত করে শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন পরিবেশ ফিরিয়ে আনাই এখন প্রশাসন ও শিল্পসংশ্লিষ্ট পক্ষগুলোর জন্য বড় চ্যালেঞ্জ।