জৈন্তিয়ার শেষ প্রান্ত
জৈন্তিয়ার শেষ প্রান্ত। নয়া দিগন্ত

সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরকে পৌরসভা হিসেবে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় এ অনুমোদন দেয়া হয়। এর ফলে সিলেট জেলায় পৌরসভার সংখ্যা পাঁচটি থেকে বেড়ে ছয়টি হচ্ছে।

Advertisement

সরকারের মাত্র নয় মাসের মধ্যে জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগকে স্থানীয়রা চমক হিসেবে দেখছেন। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা।

পৌরসভা অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সোমবার জৈন্তাপুর সদরসহ আশপাশের এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। বাদ আসর স্থানীয়রা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী বলেন, প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ জৈন্তাপুর দীর্ঘদিন ধরে অবহেলিত। মন্ত্রী আরিফুল হক চৌধুরী নিজে উদ্যোগী হয়ে পৌরসভা প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন। এতে জৈন্তাপুরের উন্নয়ন ত্বরান্বিত হবে।

দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, অতীতে জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়েও জৈন্তাপুরের কাঙ্ক্ষিত উন্নয়নে সহযোগিতা পাওয়া যায়নি। এবার মন্ত্রী নিজে উদ্যোগী হয়ে পৌরসভা প্রতিষ্ঠার ব্যবস্থা করেছেন। এজন্য আমরা কৃতজ্ঞ।

জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ বলেন, সরকারের মাত্র নয় মাসের মাথায় জৈন্তাপুর পৌরসভা পেয়েছে, যা তাদের কাছে অকল্পনীয়। মন্ত্রীর এ উদ্যোগ উপজেলার উন্নয়নকে গতিশীল করবে।

জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠানোর মাধ্যমে পৌরসভা গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে উদ্যোগ নেন সংসদ সদস্য ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী। পরে ৯ নভেম্বর নিকার প্রাক-সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি সুপারিশ করা হয়। সর্বশেষ সোমবার নিকারের সভায় তা চূড়ান্ত অনুমোদন পায়।

নতুন পৌরসভাটি গঠিত হচ্ছে উপজেলার ১ নম্বর নিজপাট ও ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের নির্ধারিত এলাকা নিয়ে। এর আওতায় নিজপাট ইউনিয়নের ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী মৌজা এবং জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রী হাওর, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল মৌজার নির্ধারিত দাগ অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে, গত ১৫ অক্টোবর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি এবং ১৭ অক্টোবর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় তা প্রকাশ করা হয়। নিকারের চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে পৌরসভা প্রতিষ্ঠার প্রশাসনিক প্রক্রিয়া আরো এক ধাপ এগিয়ে গেল।

বর্তমানে সিলেট জেলায় কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, বিশ্বনাথ ও বিয়ানীবাজার পৌরসভা রয়েছে। জৈন্তাপুর যুক্ত হওয়ায় এটি হবে জেলার ষষ্ঠ পৌরসভা। পৌরসভা প্রতিষ্ঠার ফলে পরিকল্পিত নগরায়ণ, সড়ক ও অবকাঠামো উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।