বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত এলাকার ত্রিসীমানা পিলারের কাছ থেকে আটক ৮ জন
বাংলাদেশ-মিয়ানমার-ভারত সীমান্ত এলাকার ত্রিসীমানা পিলারের কাছ থেকে আটক ৮ জন। নয়া দিগন্ত

বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তের ত্রিসীমানা পিলার এলাকা থেকে সন্দেহভাজন আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বান্দরবানের রুমা ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করে। এ সময় আটকদের কাছ থেকে তাবুসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

আটকদের মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা রয়েছেন। তারা হলেন—লংরাও ম্রো (২৫) ও ডনরয় ম্রো (৩০)। তাদের বাড়ি পাসিং পাড়ায় বলে জানা গেছে।

এছাড়া আটক অন্য ছয়জন হলেন— ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বারইহুদা গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে মো: আব্দুল আহাদ (২২), ঢাকার খিলক্ষেত এলাকার মো: আবুল হাসানের ছেলে মো: হাসান সিহাব (২৮), ঢাকার চকবাজার এলাকার মরহুম গিয়াস উদ্দিন ইসলামের ছেলে এস ইসলাম সোহেল (৩৮), ভোলার চরফ্যাশন উপজেলার মো: সাইফুল ইসলামের ছেলে মো: হোসেন শরিফ (২৯) ও চট্টগ্রামের পতেঙ্গার মো: মিজানুর রহমানের ছেলে মো: মিনহাজুর রহমান সানি (২৬)।

আটক আটজনকে সীমান্ত এলাকা থেকে আটক করে রুমা ব্যাটালিয়নে নিয়ে আসা হয়েছে।

বিজিবি জানিয়েছে, ভারত-মিয়ানমার-বাংলাদেশ ত্রিসীমানা এলাকাটি খুবই ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা। আটক আটজন সীমান্তের জিরো লাইনের ১৫ গজ বাংলাদেশের ভেতরে সন্দেহজনকভাবে অবস্থান করছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিজিবির রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার জানান, বাংলাদেশ পাসপোর্ট আইন ১৯৭৩-এর ৩ অনুচ্ছেদ অনুযায়ী আটক ব্যক্তিরা সীমান্ত আইন লঙ্ঘন করে সেখানে অবস্থান করছিল। তাদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।