
পটুয়াখালীর দশমিনা উপজেলায় গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুদান না দেয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখায় হামলা ও আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ উঠেছে আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতির বিরুদ্ধে।
রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের চাঁদপুর কৃষি ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সন্ধ্যায় স্থানীয় বাজারে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।
ঘটনার সূত্রপাত যেভাবে
স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২৭ অক্টোবর বিকেলে আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি মো: আসাদুল দফাদার কৃষি ব্যাংক আলীপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো: সোহাগ হোসেনের কাছে একটি আমন্ত্রণপত্র পৌঁছে দেন এবং আর্থিক সহযোগিতা চান। সে সময় ম্যানেজার পরে দেখা করার কথা বললে তারা চলে যান।
এরই ধারাবাহিকতায় রোববার সকাল ১১টার দিকে সভাপতি আসাদুল দফাদার সংগঠনের ৫-৬ জন নেতাকর্মীকে পুনরায় অনুদানের টাকার জন্য ম্যানেজারের কাছে পাঠান। অফিসিয়াল কোনো বরাদ্দ না থাকায় ম্যানেজার তাদের চা-চক্রের মাধ্যমে আপ্যায়ন করে বুঝিয়ে পাঠিয়ে দেন।
এর ঠিক এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে আসাদুল দফাদার ও রাকিব ৮-৯ জন নেতাকর্মী নিয়ে ব্যাংকে প্রবেশ করেন। অনুদান না দেয়ার কারণ জানতে চেয়ে তারা ম্যানেজার সোহাগ হোসেনের সাথে অশ্লীল ভাষায় উচ্চবাচ্য শুরু করেন।
ম্যানেজার তাদের শান্ত হতে বললে আসাদুল দফাদার ক্ষিপ্ত হয়ে ম্যানেজারের টেবিলে সজোরে থাপ্পড় মারেন, এতে টেবিলের ওপর থাকা কাচ ভেঙে যায়। বের হয়ে যাওয়ার সময় রাকিব হুমকি দিয়ে বলেন, ‘ম্যানেজার ব্যাংকে বাহিরে তো নয় আমরা পরে দেখবো।’
ঘটনার পরপরই ব্যাংক ম্যানেজার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন। এদিকে সরকারি ব্যাংকে এমন হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে সন্ধ্যায় চাঁদপুর বাজারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় জনগণ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বক্তব্য
হামলা ও ভাঙচুরের বিষয়ে ব্যাংকের নিরাপত্তা প্রহরী মো: লিটন জানান, ‘গত মাসের ২৭ তারিখ গণঅধিকার পরিষদের সভপতি কৃষি অফিসে এসে একটি চিঠি দেন ম্যানেজার সাহেবকে। সেদিন তাদের চা খাওয়াইয়া পাঠিয়ে দেন। আজ রোববার সকাল ১১ ঘটিকায় প্রথম ৪-৫ জন এসে ম্যানেজার সাহেবকে বলেন গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুদান দেননি সভাপতি আামদের পাঠিয়েছেন তখনও তাদের বুঝিয়ে পাঠিয়ে দেন।
পরে আবার ৭-৮ জন লেক নিয়ে সভাপতি আসাদুল ভাই ও রনি ব্যাংকে এসে ম্যানেজার সাহেবকে বলেন, ‘আপনি আমাদের বেইজ্জতি করেছেন। আাপনি ব্যাংকের মধ্যে ম্যানেজার ব্যাংকের বাহিরে ম্যানেজার নন। বিষয়টি আমরা দেখবো। এ কথা নিয়ে ম্যানেজারের সাথে কথা-কাটাকাটি পরে সভাপতি রাগান্বিত হয়ে ম্যানেজার সাহেবের টেবিলে থাপ্পর দিয়ে টেবিলের গ্লাস ভাংচুর করে হুমকি দিয়ে চলে যায়।’
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফখরুল ইসলাম জানান, ‘দুপুর ১২টার সময় ম্যানেজার আমাকে বিষয়টি জানান। আমি ইউনিয়ন পরিষদে ছিলাম। পরে এসে তাদের পাইনি। আসাদুল ভাই যা করছে এটা নিন্দনীয়। তার কতৃক এমনটি আশা করিনি। অফিসের টেবিলের কাঁচ ভাংচুর করার দৃশ্য দেখেছি। কৃষি ব্যাংকে ম্যানেজারের টেবিলের কাচ ভাংচুর ও হুমি দেয়ার ঘটনায় স্থানীয় জনগণ বিক্ষোভ মিছিল করেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের কাছে অনুরোধ করবো একটি সরকারি ব্যাংকের প্রবেশ করে ম্যানেজার অনুদান না দেয়া ভাংচুর সহ হামলায় যাহারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
স্থানীয় বাসিন্দা সাইদ আলী খান মোহন জানান, ‘গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে অনুদান না দেয়া ব্যাংকে প্রবেশ করে ভাংচুর ও হামলা এটা একটি ঘৃণিত কাজ। এর সাথে জড়িতদের আইনের আওয়াতায় আনার দাবি জানাই।’
ব্যাংক ম্যানেজার ও অভিযুক্তের অবস্থান
আলীপুর ইউনিয়নের চাঁদপুর কৃষি ব্যাংকের ম্যানেজার মো: সোহাগ জানান, ‘গত মাসের ২৭ তারিখ গণঅধিকার পরিষদের ইউনিয়ন সভাপতি আসাদুল আমার অফিসে এসে গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে একটি চিঠি দিয়ে সহযোগিতার কথা বলেন আমি বিষয়টি দেখবো বললে তারা ওইদিন চলে যায়। আজ রোববার হঠাৎ করে সকাল ১১ ঘটিকার সময় সভাপতি ৫-৬ জন গণঅধিকার পরিষদের নেতাদের পাঠান তাদের বুঝিয়ে পাঠিয়ে দেই। তাদের যাওয়ার পর সভাপতি ৭-৮ জন লোক নিয়ে পূনরায় অফিসে এসে আমাকে বলেন আমার লোককের বেইজ্জতি করলেন কেন। এই বলে অশ্লীল ভষায় কথা বলেন আমি তাকে শান্ত করার চেষ্টা করলে তিনি আরো রাগান্বিত হয়ে আমার টেবিলের উপর থাপ্পড় দিয়ে টেবিলের কাঁচ ভেঙে ফেলে আমাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। পরে আমি উপজলা নির্বাহী কর্মকর্তা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ উর্ধ্বতন কতৃপক্ষে জানাই। উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো।’
এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আলীপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি আসাদুল দফাদারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রশাসনের বক্তব্য
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা জানান, ‘দুপুর ২টার সময় আকীপুর ইউনিয়নের চাদপুর কৃষি ব্যাংকের ম্যানেজার আমাকে ঘটনার বিষয় জানিয়েছে। আমি বলেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, ‘ঘটনার বিষয় শুনে বিকেলে পুলিশ পাঠিয়ে ঘটনার বিষয় অবহিত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এলাকায় ওই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এলাকার লোকজনকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








