১৫টি জোনে সাজছে কক্সবাজার, শুরু হচ্ছে বর্ণাঢ্য পর্যটন কার্নিভাল
পর্যটন কার্নিভাল উপলক্ষে বর্ণাঢ্য সাজে কক্সবাজার পর্যটন এলাকা। ছবি সংগৃহীত

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও আকর্ষণীয় করে তুলতে শুরু হচ্ছে তিন মাসব্যাপী বর্ণাঢ্য ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’। আগামী ২২ নভেম্বর ২০২৬ থেকে ৩১ জানুয়ারি ২০২৭ পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। পর্যটকদের বিনোদন, নতুন অভিজ্ঞতা উপহার দেওয়া এবং স্থানীয় পর্যটন অর্থনীতিকে আরও চাঙা করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের হোটেল শৈবালে স্থানীয় সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কার্নিভালের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ পর্যটন করপোরেশন আদেশ, ১৯৭২-এর ২(ঙ) ধারা অনুযায়ী আয়োজিত এ কার্নিভাল বাস্তবায়নে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালন করছে ‘টেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড’। আয়োজকদের প্রত্যাশা, এই মেগা ইভেন্টে প্রতিদিন বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটকের সমাগম ঘটবে। পর্যটকদের বিনোদন, অ্যাডভেঞ্চার, জ্ঞানচর্চা ও পারিবারিক অবকাশ যাপনের কথা মাথায় রেখে পুরো আয়োজনকে সাজানো হয়েছে ১৫টি বিশেষ জোনে।

১৫টি জোনে থাকছে ব্যতিক্রমী আয়োজন কার্নিভালের অন্যতম প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে ওয়েলনেস জোন ও এক্সপেরিয়েন্স জোন; ক্যাম্পিং জোন (সমুদ্রের পাশে রাত কাটানোর সুযোগ), ওপেন থিয়েটার, ওপেন লাইব্রেরি ও টেলিস্কোপ জোন (রাতের আকাশ পর্যবেক্ষণের ব্যবস্থা); মার্কেট জোন ও এক্সিবিশন জোন; গেমিং জোন ও কিডস জোন (শিশুদের বিনোদন); ফুড জোন ও সি-ভিউ বার-বি-কিউ জোন; গো-কার্ট ও স্পোর্টস জোন (বিচ স্পোর্টস ও গো-কার্টিং); অ্যাম্ফিথিয়েটার ও আর্ট জোন; স্যান্ড স্কাল্পচার (দেশি-বিদেশি শিল্পীদের বালুর ভাস্কর্য প্রদর্শনী)।

এসব জোনে পর্যটকরা শরীর ও মনের প্রশান্তির পাশাপাশি রোমাঞ্চকর অভিজ্ঞতা লাভ করবেন। উন্মুক্ত মঞ্চে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি খোলা পরিবেশে বই পড়া ও টেলিস্কোপ দিয়ে আকাশ দেখার সুযোগ থাকছে। স্থানীয় ঐতিহ্যবাহী পণ্য কেনাকাটা, দেশি-বিদেশি হরেক রকম খাবার, শিশুদের রাইডস এবং খ্যাতনামা চিত্রশিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনী এই কার্নিভালে বাড়তি মাত্রা যোগ করবে। এছাড়া দেশীয় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি হোটেল শৈবালের ভেতরের পুকুরের চারপাশেও থাকছে দৃষ্টিনন্দন বিনোদনমূলক আয়োজন।

আয়োজকরা প্রত্যাশা করছেন, এই দীর্ঘমেয়াদি কার্নিভাল কক্সবাজারে পর্যটকদের অবস্থানের গড় সময় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, উদ্যোক্তা, হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও পর্যটনসংশ্লিষ্ট খাতগুলোতে নতুন অর্থনৈতিক সম্ভাবনা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তবে এই আয়োজনের চূড়ান্ত সাফল্য নির্ভর করবে উন্নত ব্যবস্থাপনা, কঠোর নিরাপত্তা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পণ্যের মূল্য নিয়ন্ত্রণের ওপর।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মো: গনী উল আজম। এ সময় করপোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ এসানুল করিম, কক্সবাজার পর্যটন কার্নিভালের নিরাপত্তা উপদেষ্টা ক্যাপ্টেন মোহাম্মদ আশিকুর রহমান ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠান টেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আয়োজকরা আগামী ২২ নভেম্বর থেকে পূর্ণাঙ্গভাবে শুরু হতে যাওয়া এই উৎসব সফল করতে স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, পর্যটন ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।