
গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। এতে ওই রেলপথে চলাচলকারী একাধিক ট্রেন আটকা পড়ে এবং বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকল্প ইঞ্জিনের সহায়তায় বিকল ট্রেনটি সরিয়ে নেয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, আজ রোববার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে ছেড়ে যায় জামালপুর কমিউটার-৫১ ট্রেনটি। জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি রেললাইনের উপর আটকে পড়লে ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরো জানান, এ সময় জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা বলাকা এক্সপ্রেস ট্রেনটিও একই এলাকার মধ্যবর্তী স্থানে আটকা পড়ে। পরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে এনে বিকল জামালপুর কমিউটার-৫১ ট্রেনটিকে সরিয়ে রেললাইন সচল করা হয়। এরপর বলাকা এক্সপ্রেস তার নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। ট্রেনের ইঞ্জিন বিকলের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








