অর্থমন্ত্রী
কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে অর্থমন্ত্রী। নয়া দিগন্ত

দেশের অর্থনীতিকে আরো গতিশীল করা, বিনিয়োগ সম্প্রসারণ এবং স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আনতে ডলার বন্ড ইস্যুর উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচি বাতিল না করে দেশের বাস্তবতা ও জনস্বার্থ বিবেচনায় শর্ত সমন্বয়ের কাজ চলছে বলেও স্পষ্ট করেছেন তিনি।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) সকালে কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে দুই দিনব্যাপী এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

ডলার বন্ড ও অর্থনৈতিক স্বচ্ছতা

অর্থমন্ত্রী বলেন, ‘দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটি স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরো সম্প্রসারিত করবে।’ এ সময় অর্থনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে জনগণের সামনে অর্থনৈতিক পরিস্থিতির স্পষ্ট চিত্র তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান

আইএমএফের ঋণ কর্মসূচি থেকে সরকার সরে আসছে—এমন আলোচনা নাকচ করে দেন অর্থমন্ত্রী। 

তিনি জানান, আইএমএফের সাথে সম্পর্ক কিংবা ঋণ কর্মসূচি বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই। বরং দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, জনগণের স্বার্থ এবং সরকারের নিজস্ব পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার সাথে আইএমএফের শর্ত ও কর্মসূচির সমন্বয় করা হচ্ছে।

তিনি আরো জানান, আইএমএফের সাথে যেসব বিষয়ে মতপার্থক্য রয়েছে, সেগুলো নিরসনে দুটি কার্যদল (ওয়ার্কিং গ্রুপ) কাজ করছে। আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করে আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে কর্মসূচিকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনার আশা করছে সরকার।

বিকল্প উৎস থেকে অর্থায়নের সুযোগ থাকা সত্ত্বেও কঠোর শর্তযুক্ত আইএমএফের ঋণ কর্মসূচি চালিয়ে যাওয়ার যৌক্তিকতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক, এডিবি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর সাথে সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে। একইভাবে আইএমএফের সাথেও আলোচনা চলছে।

আগের সরকারের শর্ত ও জনস্বার্থ বিবেচনা

আইএমএফের সাথে পূর্ববর্তী ঋণ কর্মসূচিটি আগের ‘অনির্বাচিত’ সরকারের সময়ে হয়েছিল উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, সে সময় যেসব শর্তে সম্মতি দেয়া হয়েছিল, বর্তমান নির্বাচিত সরকারের পক্ষে সেগুলো রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়।

তার মতে, হঠাৎ করে কঠোর শর্ত কার্যকর করা হলে সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে। পাশাপাশি দেশের ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অর্থমন্ত্রী আরো জানান, উন্নয়ন সহযোগীদের মধ্যে কার্যক্রমের সমন্বয় না থাকলে প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়ে। তাই দেশের অগ্রাধিকার, অর্থনৈতিক সক্ষমতা এবং জনগণের স্বার্থকে গুরুত্ব দিয়ে সব উন্নয়ন সহযোগীর কর্মসূচি সমন্বিতভাবে এগিয়ে নিতে চায় সরকার।

পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে উন্নয়ন সহযোগীদের সমন্বয়

বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তনের কথা উল্লেখ করে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমান বৈশ্বিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন পরিকল্পনাকে নতুনভাবে সমন্বয় করতে হবে।

তিনি জানান, সরকারের পঞ্চবার্ষিক উন্নয়ন কর্মসূচির সাথে বিশ্বব্যাংক, এডিবি ও জাইকাসহ বিভিন্ন উন্নয়ন অংশীদার তাদের কার্যক্রম সমন্বয় করছে। সব অংশীদারের কর্মসূচি সরকারের জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন কঠিন হবে। 

অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্ট হয়েছে, সরকার উন্নয়ন সহযোগীদের সাথে সম্পর্ক বজায় রেখেই দেশের অর্থনৈতিক বাস্তবতা ও নিজস্ব উন্নয়ন অগ্রাধিকারের ভিত্তিতে ঋণ ব্যবস্থাপনা ও অর্থায়নের নতুন কৌশল গ্রহণ করতে চায়।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।