কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিক্ষোভ মিছিল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের বিক্ষোভ মিছিল। নয়া দিগন্ত

ফ্যাসিস্ট, পলাতক, মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে ঘিরে লগি-বৈঠা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গোপালগঞ্জ শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (১৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এসে অবস্থান শেষ হয়।

বিক্ষোভের একপর্যায়ে উশৃঙ্খল কর্মীরা কলেজের মূল ফটকের সামনে এসে ‘গোপালগঞ্জ সরকারি কলেজ’ লেখা নামফলকটি ভেঙে ফেলেন। পরে সেখানে পূর্বের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন।

পরে গেটের সামনের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা। এছাড়াও তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন প্রেসক্লাব ও পৌরসভার সামনের সড়কসহ বিভিন্ন স্থানে। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন।

পরে বিক্ষোভকারীরা ব্যাংক পাড়াস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে স্লোগান দেন।

বিক্ষোভ মিছিল থেকে শহরের বিভিন্ন স্থানে টাঙানো বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেন তারা। পুলিশের এপিসিতে লিখে দেন জয় বাংলা স্লোগান। 
পুরো জেলা শহরজুড়ে তৈরি হয় অচলাবস্থা।

পুরো বিক্ষোভ মিছিল চলাকালে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। তবে শনিবার (১৪ নভেম্বর) রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে মোতায়েন করা হয় পুলিশ। এর আগে, গত ১০ নভেম্বর জেলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

অপরদিকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নাম ফলক ভেঙে সেখানে টাঙানো হয় মুক্তিযুদ্ধ চত্বরের নাম ফলক।

এর আগে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম থেকে লগি-বৈঠা হাতে মিছিল নিয়ে শহরের আশপাশে জড়ো হতে থাকেন হাজার হাজার নেতাকর্মী।