
একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের চারপাশের নীল জলরাশি শুধু পর্যটনের আকর্ষণ নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ সামুদ্রিক জীববৈচিত্র্যের আধার। অথচ সেই সাগরেই চলছে অবৈধ ট্রলিংয়ের অভিযোগ। সাগরের তলদেশ ঘেঁষে মাছ ধরার এমন পদ্ধতি সামুদ্রিক প্রাণীর আবাসস্থল, প্রজননক্ষেত্র ও মাছের প্রাকৃতিক ভারসাম্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।
সর্বশেষ কোস্টগার্ডের অভিযানে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র। শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন দক্ষিণ সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে দু’টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, নয়টি ট্রলিং জাল ও দুই হাজার ২৫০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ৩৮ জন জেলেকে ।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ১৩ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে ১২ মিটার গভীরতায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ অভিযান পরিচালনা করে।
ঘটনাটি কেবল কয়েকটি ট্রলার ও জেলে আটকের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি সামনে এনেছে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন—সেন্টমার্টিনের মতো সংবেদনশীল সামুদ্রিক এলাকায় অবৈধ মাছ শিকারের সুযোগ তৈরি হচ্ছে কীভাবে? নিয়মিত নজরদারি থাকলে এমন ট্রলিং কতটা সম্ভব? আর অভিযান শেষে জব্দ করা ট্রলারগুলোর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে এমন প্রশ্ন সচেতন মহলের।
সূত্র জানায়, ২০২২ সালের ১২ জানুয়ারি সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের প্রায় এক হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে ‘সেন্টমার্টিন মেরিন প্রটেক্টেড এরিয়া’ ঘোষণা করা হয়। এর উদ্দেশ্য ছিল অতিরিক্ত মাছ আহরণ, নিয়ন্ত্রণহীন নৌযান চলাচল, প্রবাল ধ্বংস এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের ক্ষতি ঠেকানো।
এই সংরক্ষিত এলাকার অন্যতম লক্ষ্য বিপন্ন সামুদ্রিক প্রাণী, কচ্ছপ, হাঙর, শাপলাপাতা মাছ, ডলফিন ও প্রবালপ্রাচীরের আবাসস্থল রক্ষা করা।
কিন্তু সংরক্ষিত এলাকা ঘোষণার পরও যদি সেখানে অবৈধ মাছ আহরণের ঘটনা ঘটে, তাহলে সংরক্ষণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
বাংলাদেশের সামুদ্রিক মৎস্য আইন, ২০২০-এ নিষিদ্ধ জাল, সরঞ্জাম ও মাছ ধরার পদ্ধতির বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে।
আইনের ২৭ ধারায় নিষিদ্ধ পদ্ধতিতে মাছ শিকারের অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে। অন্যদিকে ৩০ ধারায় আইনের ২৯ ধারার অধীনে ঘোষিত সামুদ্রিক সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া মাছ আহরণের অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অথবা ২৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
অর্থাৎ আইনগত কাঠামো একেবারে অনুপস্থিত নয়। প্রশ্ন হচ্ছে, অপরাধ শনাক্তের পর মামলা, তদন্ত, বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি কতটা নিশ্চিত করা যাচ্ছে?
সেন্টমার্টিনের চারপাশের সমুদ্র এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। বিভিন্ন সময়ে অভিযানও পরিচালিত হচ্ছে। ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর নিয়মিত টহল ও সামুদ্রিক নিরাপত্তা কার্যক্রমের তথ্য উঠে এসেছে।
অবৈধ ট্রলিংয়ের ঘটনায় কেবল নৌকায় থাকা জেলেদের আটক করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। তদন্তে বের করতে হবে—ট্রলিং বোটগুলোর প্রকৃত মালিক কারা, কারা জাল ও সরঞ্জাম সরবরাহ করছে, কোথায় মাছ বিক্রি হচ্ছে এবং এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে কোনো সঙ্ঘবদ্ধ ব্যবসায়িক চক্র রয়েছে কিনা।
বিশেষ করে জব্দ করা দুই হাজার ২৫০ কেজি মাছের প্রজাতি, আহরণের স্থান, বাজারজাতকরণের পরিকল্পনা এবং ট্রলিংয়ের ব্যবহৃত জালের ধরন পরীক্ষা করা প্রয়োজন।
এসব তথ্য ভবিষ্যতে অবৈধ মাছ শিকারের নেটওয়ার্ক শনাক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাগরের মাছ শুধু ব্যবসায়িক পণ্য নয় শুধু, এটি উপকূলীয় হাজারো মানুষের জীবিকার উৎস। নির্বিচারে মাছ আহরণ, অপরিণত মাছ নিধন এবং প্রজননক্ষেত্র ক্ষতিগ্রস্ত হলে দীর্ঘমেয়াদে স্থানীয় জেলেদের মাছ ধরার সুযোগও সঙ্কুচিত হতে পারে।
মৎস্য অধিদফতরের জাতীয় কর্মপরিকল্পনাতেও উপকূলীয় মাছের প্রজননক্ষেত্র রক্ষা এবং মাছ ধরার সরঞ্জাম নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
তাই সামুদ্রিক সম্পদ রক্ষাকে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হিসেবে দেখলে চলবে না। এর সাথে জড়িত রয়েছে পরিবেশ সংরক্ষণ, খাদ্যনিরাপত্তা, স্থানীয় অর্থনীতি এবং দেশের নীল অর্থনীতির ভবিষ্যৎ।
সেন্টমার্টিনের সমুদ্রকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার জন্য। কিন্তু সেখানে যদি বারবার অবৈধ ট্রলিংয়ের ঘটনা ঘটে, তাহলে শুধু অভিযান পরিচালনার পরিসংখ্যান দিয়ে সংরক্ষণের সফলতা পরিমাপ করা যাবে না।
১৪ নভেম্বরের অভিযানে ৩৮ জেলে আটক এবং দুই হাজার ২৫০ কেজি মাছ জব্দের ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রমাণ। একইসাথে এটি সামুদ্রিক নজরদারি, অপরাধের উৎস অনুসন্ধান এবং দীর্ঘমেয়াদি সংরক্ষণ ব্যবস্থার কার্যকারিতা যাচাইয়েরও সুযোগ তৈরি করেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








