রাজশাহী জেলা জামায়াতের নায়েবে আমির মইনুল হোসেন ও আব্দুল খালেক
জেলা জামায়াতে নতুন কমিটিতে মাওলানা আব্দুল খালেক ও মো: মইনুল হোসেন নায়েবে আমির নির্বাচিত হন। নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০২৭-২০২৮ সেশনের জন্য দুই বছর মেয়াদি এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে জেলা নায়েবে আমির নির্বাচিত হয়েছেন মো: মইনুল হোসেন ও মাওলানা মো: আব্দুল খালেক এবং জেলা সেক্রেটারি নির্বাচিত হয়েছেন মো: গোলাম মর্তুজা। এর আগে, জেলা কমিটির আমির নির্বাচিত হয়েছিলেন অধ্যাপক আব্দুল খালেক।

Advertisement


শনিবার (১৪ নভেম্বর) রাজশাহী নগরীর মসজিদ মিশন একাডেমিতে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে এ কমিটি গঠন সম্পন্ন হয়। 

নতুন কমিটিতে সহকারী সেক্রেটারিরা হয়েছেন মাওলানা মো: আবুল হাসান, অধ্যক্ষ মো: নাজমুল হক, মো: কামরুজ্জামান ও মুহাম্মদ নুরুজ্জামান লিটন। 

এ সমাবেশে জেলা কর্মপরিষদ, মজলিসে শুরা এবং উপজেলা ও পৌরসভা কমিটির আমির নির্বাচনও সম্পন্ন হয়েছে।

জেলা আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা কেরামত আলী এমপি এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী এমপি বলেন, ‘দায়িত্ব একটি আমানত। সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। দায়িত্বকে পদ-পদবি বা সম্মানের বিষয় হিসেবে না দেখে আমানত হিসেবে গ্রহণ করতে হবে।’

ড. কেরামত আলী এমপি বলেন, ‘উত্তম চরিত্র, ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে শৃঙ্খলা, ঐক্য ও পরামর্শভিত্তিক কার্যক্রম নিশ্চিত করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি নবনির্বাচিত দায়িত্বশীলদের আগামী কার্যকালে সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতা ও যোগ্যতার পরিচয় দিতে হবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন, ‘সংগঠনের প্রতিটি দায়িত্বশীলকে নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে রাজশাহী জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরো বেগবান করতে হবে।’