
গাজীপুরের পূবাইলে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর এগারো সিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। পরে বিকল্প ইঞ্জিনের সাহায্যে ট্রেনটি ঢাকায় নেয়া হয়। এ ঘটনার পর ঢাকা-চট্টগ্রাম ডাবল রেলপথের ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল সাময়িক বিঘ্নিত হলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূবাইল স্টেশন অতিক্রম করে কিছুদূর যাওয়ার পর ট্রেনটির ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে। একপর্যায়ে ইঞ্জিনে আগুন জ্বলতে দেখা যায়।
এতে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ইঞ্জিন বন্ধ করে দেয়া হয়। স্থানীয় লোকজন পানি নিয়ে এগিয়ে আসেন। তাদের সহযোগিতা ও ট্রেনের নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রফিকুল হাসান জানান, ঢাকাগামী আন্তঃনগর এগারো সিন্দুর ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়ার খবর পেয়েছেন। তবে সেখানে আগুন লেগেছিল কি-না, তা তিনি নিশ্চিত নন। ঘটনার পর চট্টগ্রাম থেকে ঢাকাগামী লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ থাকলেও ঢাকা থেকে চট্টগ্রামগামী লাইনে চলাচল স্বাভাবিক ছিল।
বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ দফতরের পরিচালক আনিসুর রহমান জানান, গাজীপুরে ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। বিকল্প ইঞ্জিনের সাহায্যে আটকে পড়া এগারো সিন্দুর ট্রেনটি ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








