নিহত কিশোরী আফরিন আক্তার, (ডানে) নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড়
নিহত কিশোরী আফরিন আক্তার, (ডানে) নিহতের বাড়িতে স্বজন ও এলাকাবাসীর ভিড়। নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গরম পানি দিয়ে ঝলসে দেয়া ১৩ বছর বয়সী কিশোরী আফরিন আক্তার মারা গেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের নিজ বাড়িতে চিকিৎসার অভাবে ওই কিশোরীর মৃত্যু হয়।

Advertisement

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে আপন মামি ঘুমন্ত অবস্থায় আফরিন আক্তারের শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেয়। এ ঘটনায় ২৭ অক্টোবর নিহত কিশোরীর মা রওশন আরা সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন।

ওই মামলায় অভিযুক্ত মামা জাকির হোসেন, মামি সোনিয়া আক্তার ও সোনিয়ার বোন জামাই মোস্তফা মিয়াকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বর্তমানে তারা নারায়ণগঞ্জ কারাগারে আছেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও কান্দাপাড়া গ্রামের রওশন আরার (নিহতের মা) সাথে দীর্ঘদিন ধরে তার ছোট ভাই জাকির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলেছিল। এ বিরোধের জের ধরে জাকির হোসেনের স্ত্রী (নিহতের মামি) সোনিয়া আক্তার বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

গত ২৫ সেপ্টেম্বর দুপুর ২টার দিকে রওশন আরা ও তার পরিবারের লোকজন কিশোরী মেয়ে আফরিন আক্তারকে বাড়িতে রেখে বাইরে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে কৌশলে রওশন আরার ঘরে প্রবেশ করেন তার মামি সোনিয়া আক্তার। এ সময় ঘুমন্ত অবস্থায় কিশোরী আফরিন আক্তারের গায়ে গরম পানি ছুড়ে মারেন সোনিয়া আক্তার।

এতে আফরিনের কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করেন।

দগ্ধ ওই কিশোরী ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে দীর্ঘ এক মাস চিকিৎসা নেয়। পরে টাকার অভাবে তাকে বাড়ি নিয়ে আসে তার পরিবার। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয়দের কাছে বিচার দাবি করে। কয়েক দফায় সালিশ-বৈঠক বসলেও কোনো সমাধান হয়নি।

পরে কোনো সমাধান না পেয়ে ২৭ অক্টোবর সকালে কিশোরী আফরিনের মা চারজনকে আসামি করে সোনারগাঁও থানায় মামালা দায়ের করেন। মামলার পর দুপুরে কান্দাপাড়া গ্রামে অভিযান চালিয়ে পুলিশ রহমত আলীর ছেলে জাকির হোসেন (নিহতের মামা), তার স্ত্রী সোনিয়া আক্তার ও তার বোন জামাই মোস্তফা মিয়াকে গ্রেফতার করে।

ভুক্তভোগী কিশোরীর মা রওশন আরা জানান, তার ভাই জাকির হোসেন ও তার স্ত্রীর সাথে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জের ধরে তাদের সাথে দীর্ঘ শত্রুতা ছিল। এছাড়াও একটি মোবাইল হারানোকে কেন্দ্র করে তার মেয়েকে দোষারোপ করা হয়। এ ঘটনায় তাদের সাথে তর্ক-বিতর্ক হয়। এতে ক্ষিপ্ত হয়ে তার ভাইয়ের স্ত্রী সোনিয়া আক্তার তার ঘুমন্ত মেয়ের গায়ে গরম পানি ঢেলে দেয়। এতে তার শরীর ঝলসে যায়।

তিনি জানান, অর্থাভাবে চিকিৎসা শেষ না করে তার মেয়েকে বাড়ি নিয়ে আসেন। বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বিচার-সালিশ ডাকা হয়।

তিনি আরো জানান, ভাই ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে তার ইচ্ছে ছিল না। তার মেয়ের চিকিৎসার ব্যয়ভার বহন করলেই সমস্যার সমাধান হতো। তার মেয়ে চিকিৎসার অর্থের অভাবে মারা যায়। এটি হত্যাকাণ্ড। তার মেয়ের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, গরম পানি দিয়ে শরীর ঝলসে দেয়া কিশোরী মারা গেছে। এ ঘটনা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। নিহত কিশোরীর মায়ের দায়ের করা মামলাটি হত্যা মামলায় রূপান্তর হবে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।