
সিলেটে হামে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণকারী ১১ মাস বয়সী আফরিন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ও সাড়ে চার মাস বয়সী মাইশা সিলেট সদর উপজেলার বাসিন্দা এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী নয় মাস বয়সী ওমর হবিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা। এই সময়ে নতুন করে ৬৫ হাম রোগী শনাক্ত হয়েছেন। উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৬৮ জন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫৮ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১২ জনে। জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৪৪২, হবিগঞ্জে ২৬০, মৌলভীবাজারে ১৫৮ এবং সুনামগঞ্জে ৪৫২ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৮, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫৪, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৫, নর্থ ইস্ট হাসপাতালে ছয়, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে চার, মাউন্ট এডোরা চার, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নয় ও জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ২২, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নয় ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন হাম রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চিকিৎসাধীন ৫৫৮ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩৯, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬৭, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ৪৫, নর্থ ইস্ট মেডিক্যালে ১৬, পার্কভিউ মেডিক্যালে ২০, মাউন্ট এডোরা হাসপাতালে আট, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ২০ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৯ ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২৩ ও জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের জেলাভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত সিলেটে হাম ও উপসর্গে ২১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে সন্দেহজনক হাম রোগে সিলেটে ৮৫, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১৬ এবং সুনামগঞ্জে ৭৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে নিশ্চিত হাম রোগে সিলেটে চার, হবিগঞ্জে চার, মৌলভীবাজারে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে সিলেটে ৮৯, হবিগঞ্জে ৩৫, মৌলভীবাজারে ১৭ এবং সুনামগঞ্জে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
আগের ২৪ ঘণ্টায় সিলেটে হাম উপসর্গে দুই শিশুর মৃত্যু হয়। এই সময়ে ১০ জন নতুন হাম রোগী শনাক্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন ১৯৩ জন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








